বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

দেশ

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ১৬:৫৫:০১

307
  • ছবি : নিউজজি

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘Ensuring Safety and Well being for Brothel Based Sex Worker's Children and Mothers in Bangladesh (Projonmo Sopan)’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী। তিনি বলেন, দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদান, মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ সৃষ্টি, শিক্ষা ও শিশুবিকাশ নিশ্চিত করা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রকল্পটি কাজ করবে। পাশাপাশি পাচারের শিকার অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুদের উদ্ধার এবং উদ্ধারকৃত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও জানান, শাপলা মহিলা সংস্থার নিজস্ব একটি সেফ হোম রয়েছে, যেখানে একসাথে ১০০ জন শিশুকে আশ্রয় দেয়ার সক্ষমতা রয়েছে। এক বছর মেয়াদি পাইলট প্রকল্প হিসেবে এটি গোয়ালন্দের দৌলতদিয়ায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, শাপলা মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করে আসছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে পুনর্বাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মো. খোরশেদ আলম, প্রোগ্রাম ইমপ্লেমেন্টিং অফিসারের সঞ্চালনায় এবং শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি মো. নাসির উদ্দিন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers