রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

দর্শনার্থীদের জন্য আজ খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

নিউজজি ডেস্ক ৬ আগস্ট, ২০২৬, ১০:২৯:১৮

93
  • সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।

জাদুঘরে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের স্মারক, ব্যক্তিগত ব্যবহারের নানা সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের পরদিন দর্শনার্থীদের জন্য বরাদ্দ থাকা প্রথম দিনের ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার মধ্যেই বিক্রি হয়ে যায়।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। এর জন্য অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। প্রতিদিন তিনটি নির্দিষ্ট স্লটে ৩০০ জন করে দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

সকালের স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, দুপুরের স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং সন্ধ্যার স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুরে দেখা যাবে। তবে টিকিটের গায়ে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের প্রবেশ করতে হবে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাঙ্ক্ষিত স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের ফাঁকা স্লট বেছে নিতে হবে। একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে ও সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই প্রাথমিকভাবে সীমিত প্রবেশাধিকার রাখা হয়েছে বলে জানান জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তবে গতকাল উদ্বোধনের দিন টানা বৃষ্টির মধ্যে অসংখ্য মানুষ গেটের সামনে ভিড় জমান। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গেট না খোলায় একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা গেটের তালা ও ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। সে সময় তাদের সাথে অন্য দর্শনার্থীরাও প্রবেশ করেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers