বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৬:০০

110
  • ছবি : নিউজজি

রাজশাহী: নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রকি নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি কাশিয়াডাঙ্গা থানা এলাকার দুখু মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা থেকে একটি বাড়ির বাথরুমের এক্সজস্ট ফ্যানের ফাঁক দিয়ে ওই ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

স্থানীয়রা জানায়, ঘটনার পর ওই ছাত্রী বাথরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজন ও স্থানীয়রা রকিকে খুঁজতে থাকে। একপর্যায়ে লাইলি নামে এক নারীর বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, লাইলির বাড়ির ভাড়াটিয়া তানিয়া হিজরার সাথে রকির বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রকি তার মোবাইল ফোনে এলাকার কয়েকজন মেয়েসহ আরও ১০ থেকে ১২ জন নারীর গোপন ভিডিও থাকার দাবি করেছেন বলে জানা গেছে। এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হতো বলে তিনি দাবি করেন।

এছাড়া স্থানীয়দের কাছে রকি ওই বাড়ির ছাদে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আসর বসার অভিযোগও করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এক নাবালিকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ এবং মোবাইল ফোনে অন্য নারীদের গোপন ভিডিও থাকার দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগগুলো সত্য হলে বিষয়টি শুধু একজন নাবালিকার গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সাথে ডিজিটাল মাধ্যমে হয়রানি ও ব্ল্যাকমেইলের বিষয়ও তদন্তের দাবি রাখে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers