বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সাফারী পার্কে রাজু বাহাদুর নামে হাতির মৃত্যু, জানা যায় ৫ দিন পর

গাজীপুর প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৮:৩৭

87
  • ছবি : নিউজজি

গাজীপুর: বিশ্ব হাতি দিবসেই গাজীপুর সাফারি পার্কে হাতি মৃত্যু খবর পাওয়া গেছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করতে গিয়ে হাতি মৃত্যুর খবর সামনে আসে। পার্ক কর্তৃপক্ষ হাতির মৃত্যুর বিষয়টি নিয়ে লুকোচুরি খেলা করছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করতে গিয়ে হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে পার্ক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই হাতির সংঘর্ষে পা ভাঙা রাজু বাহাদুর ৭ আগস্ট দুপুরে মারা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকা থেকে জীর্ণশীর্ণ ও আহতাবস্থায় হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। হাতিটি দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে সেটি বন বিভাগ জব্দ করে। তখন হাতিটির মালিক আতিকুর রহমান নামে এক ব্যক্তি ছিলেন। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কে হাতিশালার নির্দিষ্ট একটি স্থানে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

সম্প্রতি অন্য একটি হাতির সাথে আচমকা সংঘর্ষে জড়ালে তার পা ভেঙে যায়। এক বছর আগে উদ্ধার করে আনা হাতি রাজু বাহাদুর মৃত্যুর সাথে লড়ছিল। হাতিশালায় অন্য হাতির আক্রমণে আহত হয়ে দুই পা ভেঙে চরম কষ্টে দিন কেটেছে হাতি রাজু বাহাদুর। আহত হওয়ার পর থেকেই থাই চিকিৎসক দল ও দেশি-বিদেশি চিকিৎসক দল নিরলস চেষ্টা চালায় সুস্থ করে তুলতে। তবে তেমন উন্নতি না হওয়ায় হাতিটির বাঁচা নিয়ে শঙ্কা তৈরি হয়। শুয়ে শুয়ে খাবার গ্রহণ করে রাজু বাহাদুর। নিয়মিত চলছিল চিকিৎসা কার্যক্রমও।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তারেক রহমান হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ আগস্ট পা ভাঙা হাতিটি মারা গেছে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্যাম্পল সংগ্রহ করার পর হাতিটিকে মাটিচাপা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, লুকোচুরির বিষয়টি সঠিক নয়। হাতি মৃত্যুর পরপরই বন্য প্রাণী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, হাতিশালায় হাতিরা একটির সাথে আরেকটি মাঝেমধ্যেই সংঘর্ষে জড়ায়। এটা স্বাভাবিক ব্যাপার। অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই অবস্থা থাকে। পার্কের হাতিশালার অন্য একটি হাতি এটিকে (রাজু বাহাদুর) ধাক্কা দেয়। হাতিটি মাটিতে পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছে। মেডিক্যাল বোর্ডের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। থাইল্যান্ড থেকে চিকিৎসক এনেও চিকিৎসা করা হয়েছে। হাতিটি শিকলে বাঁধা ছিল। এটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হাতি ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাফারি পার্ক কর্তৃপক্ষ একটি হাতি মারা গেছে এমন ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers