মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

চকরিয়ায় লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজজি ডেস্ক ১৩ আগস্ট, ২০২৬, ১৫:৪১:৫৭

67
  • চকরিয়ায় লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঢাকা: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন, ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ, ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক।

আহতরা হলেন—ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক, ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার, নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম, চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন ও টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে লাল সবুজ পরিবহণের একটি বাস। অন্যদিকে ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল এবং মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে জসিম উদ্দিন মারা যান।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers