মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশকর্মী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৪ আগস্ট, ২০২৬, ১৩:৪৪:২৯

100
  • অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশকর্মী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় ভয়ভীতি, প্রাণনাশ ও মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ করেছেন পরিবেশকর্মী ও ব্যবসায়ী এসএম সোহাগ সরকার। বৃহস্পতিবার সকালে বানিয়াপট্টির নিমন্ত্রণ হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সোহাগ সরকার বলেন, রায়গঞ্জে নিবন্ধিত ১৪২টি চালকলের মধ্যে অর্ধশতাধিক দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরপরও একই মিল বা চাতাল দেখিয়ে একাধিক লাইসেন্সের মাধ্যমে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে চাল সরবরাহের বরাদ্দ নেওয়ার অভিযোগ তুলে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন।

পরে এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি, প্রাণনাশ ও চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগ।

তিনি আরও দাবি করেন, জিডি করার পর ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে ৩০ থেকে ৪০ জন চালকল মালিক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে হুমকি দেন এবং একপর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

সোহাগ সরকার জানান, অভিযোগের পর উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামকে আহ্বায়ক করে ১১ আগস্ট উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি চালকলগুলোর লাইসেন্স, মিলের অস্তিত্ব, কার্যক্রম ও সরকারি বরাদ্দ যাচাই-বাছাই করছে।

তবে তদন্তের মধ্যেই দীর্ঘদিন বন্ধ থাকা কয়েকটি চালকলের চাতাল ও বয়লার পরিষ্কার করে ধান ভিজানো শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তদন্তের সময় বন্ধ মিলগুলোকে সচল দেখানোর আশঙ্কা প্রকাশ করেন সোহাগ।

তিনি চালকলের লাইসেন্স প্রদান থেকে সরকারি বরাদ্দ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি করেন তিনি।

উল্লেখ্য, অভিযোগের পর রায়গঞ্জের ১৪২টি চালকলের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স ও সরকারি বরাদ্দ বাতিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers