বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রাজবাড়ী প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৭:৫৪:২২

100
  • ছবি : নিউজজি

রাজবাড়ী: একই দিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর একটার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যান।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, দুপুর একটার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত আটজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহতদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস, জান্নাতুল, কুমারখালীর বিপ্লব, শামীম, হরিপুরের উজ্জ্বল, জুলিয়ার আলমগীর, পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা। তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সকালে পাংশা কলেজ মোড়সংলগ্ন পাইকারা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও পুলিশের টিম কাজ করছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers