বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘আগামী বছরের শুরুর দিকেই দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ’

নিউজজি প্রতিবেদক  ১৮ আগস্ট, ২০২৬, ২১:০৯:১৭

381
  • ছবি : নিউজজি

ঢাকা: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাংলাদেশের পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়ন করা হবে। সেই সাথে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারী মাস নাগাদ পদ্মা ব্যারেজের পরিকল্পনা কার্যকির এবং দৃশ্যমান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, এই পদ্মা ব্যারেজের সাথে দেশের ২৪ থেকে ২৬ টি জেলার সাত কোটি মানুষের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে এই পানি চুক্তির ব্যাপারে বাংলাদেশের পক্ষে দৃঢ় বক্তব্য তুলে ধরবেন।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়ায়) আয়োজিত ‘গঙ্গা পানি চুক্তি: পুনঃনবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

ফারাক্কা চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সম্পাদিত ফারাক্কা চুক্তিতে পানি পাওয়ার নিশ্চয়তা সংক্রান্ত ধারা ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের চুক্তিতে সেই নিশ্চয়তা সংক্রান্ত ধারা বাদ দেওয়া হয়। বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তি নবায়নের সময় এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি বলেন, চুক্তি নবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার এ বিষয়ে কাজ করছে। বাংলাদেশের স্বার্থের প্রতি সম্মান দেখানো, দেশের মানুষের প্রত্যাশা ও মনোভাবকে গুরুত্ব দেওয়া এবং পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর অধিকাংশই নাব্যতা হারিয়েছে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যৌথ নদী কমিশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের সম্পৃক্ত করে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সভাপতিত্ব করেন বিলিয়ার চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। আলোচনায় অংশ নেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers