শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মাটিরাঙ্গায় ৫ কোটি টাকার আইস, পিস্তল ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি ১৯ আগস্ট, ২০২৬, ১২:১৬:৪৭

72
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বিজিবির যামিনীপাড়া জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে উপজেলার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে বিশেষ চেকপোস্ট বসায় বিজিবির একটি টহল দল। রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও মুহূর্তের মধ্যেই সেটি ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল ধাওয়া করলে একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে ২ আরোহী পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তার দাবি, খাগড়াছড়িতে এটাই প্রথম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারের ঘটনা।

তিনি আরও বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানের পর উদ্ধার হওয়া পিস্তল, গুলি, মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ২ আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। একই সাথে উদ্ধার হওয়া আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers