শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নৌকাবাইচকে ঘিরে উচ্ছ্বাসে মুখর ঝালকাঠির সুগন্ধা নদীর তীর

ঝালকাঠি প্রতিনিধি ১৯ আগস্ট, ২০২৬, ১৩:০৪:৪২

59
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: উৎসবমুখর পরিবেশ আর আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ঝালকাঠির সুগন্ধা নদীর তীর। নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী, মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের লঞ্চঘাট থেকে শুরু হয় জমজমাট নৌকাবাইচ। এতে ১০টি নৌকা ও জেলেদের দল অংশ নেয়। নদীর বুক চিরে বৈঠার ছন্দ আর প্রতিযোগীদের হইচইয়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। নৌকাবাইচ শেষ হয় ঝালকাঠি মিনি পার্ক এলাকায়।

ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে সুগন্ধা নদীর দুই তীরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার উপস্থিতিতে নদীর পাড় পরিণত হয় মিলনমেলায়। অনেকেই নৌকাবাইচের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে স্মৃতিতে ধরে রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. মুসফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নৌকাবাইচের পাশাপাশি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করা হয়। পরে মৎস্য খাতে অবদান ও নৌকাবাইচে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকাবাইচে ধানসিঁড়ি ইউনিয়ন প্রথম স্থান অর্জন করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বক্তারা বলেন, নদী-খাল আর নৌকার সাথে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের জীবন ও সংস্কৃতি। ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও নদীমাতৃক জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। একই সাথে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ১৮ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers