বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফের প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৭:০২

143
  • রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফের প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জ: একটির পর একটি অভিযোগ, তদন্ত ও শোকজের পরও যেন বদলাচ্ছে না সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি সেবার চিত্র। এবার তীব্র প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জরুরি চিকিৎসা ও যথাযথ পর্যবেক্ষণ না পাওয়ার অভিযোগ করেছেন রাবেয়া খাতুন (২৪) নামের এক প্রসূতির মা মোছা. নার্গিস বেগম। অভিযোগের পর গুরুতর শারীরিক জটিলতা নিয়ে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিতে হয়েছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নার্গিস বেগম।

রাবেয়া রায়গঞ্জ পৌর এলাকার ঝাপড়া মহল্লার মো. আসলামের স্ত্রী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে তীব্র প্রসবব্যথা নিয়ে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

রাবেয়ার মা নার্গিস বেগমের অভিযোগ, মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত নার্সরা তাঁকে হাঁটাহাঁটি করতে বলেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে তিনি ছুটিতে রয়েছেন এবং হাসপাতালে আসবেন না বলেও জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হাঁটার সময় রাবেয়ার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং পানি ভেঙে যায়। এমন পরিস্থিতিতেও দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

পরিবারের দাবি, সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বর্তমানে রাবেয়া বাড়িতে রয়েছেন। তবে প্রসবের সময় যথাযথ সতর্কতা ও চিকিৎসা না পাওয়ার কারণে জরায়ু ও মলদ্বারের মধ্যবর্তী অংশে জটিলতা তৈরি হয় এবং সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে দাবি করেছেন তাঁর মা।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা নিয়ে এবারই প্রথম অভিযোগ উঠল—বিষয়টি এমন নয়। এর আগেও গত আগস্ট মাসে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসা এক নারীকে সময়মতো চিকিৎসা না দেয়ার অভিযোগ ওঠে।

সেই ঘটনায় হাসপাতালের ডেলিভারি কক্ষ বন্ধ থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি না পাওয়ার অভিযোগ করা হয়েছিল। পরে হাসপাতালের পরিবর্তে পথেই ওই প্রসূতির সন্তান প্রসবের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

ওই ঘটনার পর দায়িত্বে থাকা দুই মিডওয়াইফকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার খবরও প্রকাশিত হয়। কিন্তু সেই ঘটনার পরপরই একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা নিয়ে নতুন করে অভিযোগ ওঠায় হাসপাতালের দায়িত্বশীলতা, জরুরি সেবা ব্যবস্থা এবং রোগী ব্যবস্থাপনা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

শুধু প্রসূতি সেবাই নয়, এর আগে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, অচল সিসিটিভি ক্যামেরা এবং মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ সংরক্ষণের অভিযোগ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা আ.ফ.ম ওবায়দুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগের বিষয়ে হাসপাতালের অন্য কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট নার্সদের বক্তব্য পাওয়া যায়নি।

একই স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে- প্রসূতি সেবায় জরুরি চিকিৎসা নিশ্চিত করা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং রোগীদের যথাযথ পর্যবেক্ষণে কর্তৃপক্ষ কতটা কার্যকর ভূমিকা পালন করছে।

সর্বশেষ অভিযোগটির সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে অভিযোগের পর অভিযোগ এবং আগের ঘটনায় শোকজের খবরের পরও নতুন করে একই ধরনের অভিযোগ ওঠায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers