শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘ভবিষ্যতে যেন জ্বালানি সংকট না হয়, সে ব্যাপারে জোর দেয়া হচ্ছে’

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩২:৪১

111
  • সংগৃহীত

ঢাকা: দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে।’

তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের সময় তৈরি হওয়া হোক কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে সৃষ্ট কোনো সমস্যা—সবগুলো সমাধানে কাজ চলছে। এসব পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি তার হাল ধরেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিল। দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।’

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘স্বৈরাচারের সময় যেমন গুপ্তরা লুকিয়ে ছিল, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে—তা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার।’

তিনি প্রশ্ন তোলেন, ‘গুপ্তরা কি তাহলে স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে?’ তার ভাষ্য, ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে তারা একে অপরকে আড়াল করেছে বা পরস্পরের পক্ষে অবস্থান নিয়েছে।

জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। এ ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর দেখা না দেয়, সে লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে আবারও জানান তিনি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers