রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩

নিউজজি ডেস্ক ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০:১০

65
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিনকে (৪৫) ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শোভন রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহরের মসজিদ মার্কেট এলাকার সড়কে এক কিশোরীকে শিকল বেঁধে টেনে নেয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেন ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মারধর করে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয় ও পুলিশে সোপর্দ করা হয়। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি।

কোর্ট ইন্সপেক্টর আল-আমিন জানান, সোমবার কিশোরীকে (১৬) আটকের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহপরান থানা-পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। ওই দিন বিকেলে আদালত তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেন।

মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কিশোরীকে শিকল পরিয়ে সড়ক দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।

সিলেট জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে আটক, নির্যাতন, শিকল দিয়ে আবদ্ধ বা লাঞ্ছিত করার অধিকার কারও নেই। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers