বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

রাজাপুরে বসতঘরে হামলা-ভাঙচুর, দুই নারী আহত

ঝালকাঠি প্রতিনিধি ৪ অক্টোবর, ২০২৬, ১৩:৪৯:০০

44
  • রাজাপুরে বসতঘরে হামলা-ভাঙচুর, দুই নারী আহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বসতঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও দুই নারীকে মারধরের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার গভীর রাতে রাজাপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর রাজাপুর সদর ইউনিয়নের পার গোপালপুর এলাকার খলিফা বাড়ির সামনে রাস্তার পশ্চিম পাশে একটি বসতঘরে এ ঘটনা ঘটে। মামলার বাদী মো. ছাইদুল আলোমের অভিযোগ, জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ওই বসতঘরে বেআইনিভাবে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ভাঙচুরে বাধা দিতে গেলে বাদীর বোন হাচিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তাঁর দুই হাতের আঙুলে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

এ সময় হাচিনা বেগমের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ২ লাখ টাকা, ছয় আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, যার মূল্য প্রায় ১ লাখ টাকা এবং বসতঘরের তোষকের নিচে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হাচিনা বেগমের চিৎকার শুনে বাদীর স্ত্রী ফাহিমা আক্তার এগিয়ে গেলে এক আসামি তাঁকে আটক করে রাখেন। এ সময় আরেক আসামি লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তাঁর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল, যার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা, নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

পরে দুই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে বাদী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত দুই নারীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনায় মো. ছাইদুল আলোম বাদী হয়ে মো. খাইরুল বাসার, মো. মহিউদ্দিন, মো. সোহরাফ হোসেন, আবদুস ছালাম মল্লিক, মো. ইসমাইল মল্লিক ও মোসা. মারুফা বেগমকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “ঘটনাটি নিয়ে শনিবার গভীর রাতে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মামলার কোনো আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি, চেষ্টা অব্যাহত আছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers