বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সার সংকটে কৃষকের ভরসা কেরুর ‘সোনার দানা’

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর, ২০২৬, ১৪:২০:৫৩

139
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাজারে রাসায়নিক সারের সরবরাহ সংকটের পাশাপাশি চাহিদার তুলনায় কম পাওয়া যাচ্ছে সার। আবার কোথাও মিললেও বাড়তি দামে কিনতে হচ্ছে কৃষকদের। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গার কৃষকদের জন্য বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত জৈব সার।

কৃষকদের ভাষ্য, ৯০০ টাকা দামের ৫০ কেজির এক বস্তা ‘সোনার দানা’ জৈব সার ব্যবহার করে তুলনামূলক কম খরচে ভালো ফলন পাওয়া যাচ্ছে। চলতি মৌসুমে রাসায়নিক সারের সংকটের কারণে অনেক কৃষকই বিকল্প সারের দিকে ঝুঁকছেন।

কৃষি বিভাগের পক্ষ থেকেও রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কেরুর উৎপাদিত জৈব সার কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং এর ব্যবহারও বাড়ছে।

কেরু অ্যান্ড কোম্পানি সূত্রে জানা গেছে, চিনিকলে আখ মাড়াইয়ের পর পাওয়া প্রেসমাড আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে ‘সোনার দানা’ নামে এ জৈব সার উৎপাদন করা হচ্ছে। এটি মাটির পানি ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাটির অণুজীবের কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।

মিল গেটে এক কেজি জৈব সার ২৩ টাকা এবং ৫০ কেজির বস্তা ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, বর্তমানে বছর ২ হাজার ৫০০ মেট্রিক টন জৈব সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। চলতি বছর আরও প্রায় ৪ হাজার মেট্রিক টন উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে। আগামী বছর আরও ৫ হাজার মেট্রিক টন সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

আকুন্দবাড়িয়া গ্রামের কৃষক আশাদুল হক বলেন, ‘রাসায়নিক সার কিনতে এক বস্তায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। সেখানে কেরুর জৈব সার ৯০০ টাকা। প্রতি বিঘায় দুই বস্তা দিলেই ভালো ফলন পাওয়া যাচ্ছে।’

একই গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, রাসায়নিক সারের পাশাপাশি কেরুর জৈব সার ব্যবহারে চাষাবাদের খরচ কমেছে। জমিতে শাকসবজি ও অন্যান্য ফসলের ফলনও ভালো হচ্ছে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান জানান, কেরুর উৎপাদিত জৈব সার পরিবেশবান্ধব। কৃষকদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত জৈব সার নিশ্চিত করতে এর উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, এই সার ব্যবহারের ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমার পাশাপাশি মাটির উর্বরতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

কৃষকদের দাবি, সার সংকটের সময়ে কেরুর জৈব সারের উৎপাদন ও সরবরাহ বাড়ানো হলে চাষাবাদের ব্যয় কমানোর পাশাপাশি মাটির স্বাস্থ্যও ভালো রাখা যাবে।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, মাটির উৎপাদনশীলতা দীর্ঘমেয়াদে ধরে রাখতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে একদিকে রাসায়নিক সারের ওপর চাপ কমবে, অন্যদিকে মাটির গুণাগুণও টেকসইভাবে বজায় থাকবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers