শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

যুবদল নেতার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৬:১২:২০

88
  • যুবদল নেতার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংসদ সদস্যের বরাদ্দে দেড় লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

প্রকল্পের সভাপতি কথিত যুবদল নেতা এস এম মাসুম বিল্লাহ দুই কিস্তিতে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করলেও রাস্তার নামে ফেলা হয়েছে সামান্য বালু। 

স্থানীয়দের দাবি, দেড় লাখ টাকার এ প্রকল্পে সর্বোচ্চ ১০ হাজার টাকার কাজ হয়েছে। বাকি টাকা কোথায় ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

২০২৫-২৬ অর্থবছরে সংসদ সদস্যের বরাদ্দের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়ে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে আসাদুজ্জামানের বাড়ি থেকে মায়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতাধীন এ প্রকল্পের সভাপতি ছিলেন এস এম মাসুম বিল্লাহ।

প্রকল্পের প্রথম কিস্তির ৭৫ হাজার টাকা গত ১৬ জুন এবং দ্বিতীয় কিস্তির বাকি ৭৫ হাজার টাকা ২২ জুন উত্তোলন করেন প্রকল্পের সভাপতি। মাত্র ছয় দিনের ব্যবধানে প্রকল্পের পুরো দেড় লাখ টাকা উত্তোলন করা হয়।

তবে সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, আসাদুজ্জামানের বাড়ির সামনের একটি হাঁটাপথে সামান্য বালু ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের নামে উল্লেখযোগ্য কোনো কাজই করা হয়নি। ফলে পথটি দিয়ে ভ্যান কিংবা মোটরসাইকেল চলাচলেরও উপায় নেই।

স্থানীয় বালু ব্যবসায়ী মিলন ফকির বলেন, “তারাশী গ্রামের মোশাররফ সিকদার বিল্ডিং করার সময় আমি বালু সরবরাহ করি। সেখান থেকে আসাদুজ্জামান তাঁর বাড়ি ভরাটের জন্য কিছু বালু নেন। এ ছাড়া ওই রাস্তার জন্য আনুমানিক ১ হাজার ৫০০ ফুট বালু বিক্রি করেছি। প্রতি ফুট বালুর দাম ছিল ৭ টাকা।”

স্থানীয় আলী মিয়া বলেন, “শুনেছি রাস্তাটির জন্য দেড় লাখ টাকা বরাদ্দ হয়েছে। অথচ এখানে সর্বোচ্চ ১০ হাজার টাকার কাজ হয়েছে বলে মনে হয়। ব্যবসা-বাণিজ্য কিংবা দিনমজুরের কাজ বাদ দিয়ে রাজনীতি করলেই তো লাভ! দেড় লাখ টাকার প্রকল্পে এক লাখ ৪০ হাজার টাকা লাভ করার সুযোগ রয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার আগা নেই, মাথা নেই। মাঝখানে দুমুঠো বালু ফেলে কী কাজ করা হলো? এই রাস্তা দিয়ে ভ্যান চলবে না, মোটরসাইকেলও চলবে না। সাধারণ মানুষের উপকারের জন্য প্রকল্প হলে চলাচলের উপযোগী রাস্তা হওয়ার কথা। এভাবে সরকারি টাকা খরচ করার কোনো মানে হয় না।”

স্থানীয়দের অভিযোগ, গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। বরাদ্দের পুরো টাকা উত্তোলনের পরও রাস্তা চলাচলের উপযোগী না হওয়ায় প্রকল্পের প্রাক্কলন, কাজের পরিমাণ ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা প্রকল্পের নথিপত্র ও বাস্তব কাজ যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

প্রকল্পের সভাপতি এস এম মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোটালীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্যসচিব মান্নান শেখ বলেন, এস এম মাসুম বিল্লাহ তাঁদের সংগঠনের কোনো কমিটিতে নেই। তবে ৫ আগস্টের কিছুদিন পর থেকে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে দেখা যায়। সরকারি প্রকল্পের কাজ যথাযথভাবে না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে বিষয়টি দেখা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনসার আলী বলেন, “আমি ঢাকায় রয়েছি। কোটালীপাড়ায় ফিরে প্রকল্পটির বিষয়ে খোঁজখবর নেব। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, “প্রকল্পের নির্ধারিত প্রাক্কলন (ইস্টিমেট) অনুযায়ী কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers