বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

বিএনপি নেতা আলবার্ট রিপন বল্লভকে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার

বরিশাল প্রতিনিধি ৫ নভেম্বর, ২০২৬, ১৬:৩৭:১৭

243
  • বিএনপি নেতা আলবার্ট রিপন বল্লভকে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার

বরিশাল: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজপথের প্রতিটি কঠিন মুহূর্তে সক্রিয় থাকা বরিশালের পরীক্ষিত বিএনপি নেতা আলবার্ট রিপন বল্লভকে নিয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তোলা পুরোনো ছবিকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তবে এ সব অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন এই রাজনৈতিক নেতা। নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান পরিষ্কার করে তিনি জানিয়েছেন, বিএনপির প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসা চির অটুট রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলবার্ট রিপন বল্লভের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে ছাত্রদলের পতাকাতলে স্বৈরাচারবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ধারণ করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

২০০৮ সালে বরিশাল মহানগর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক এবং একই সঙ্গে ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর রাজনৈতিক পরিচিতি আরও সুসংহত হয়। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কোতোয়ালি থানার সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বিএনপি সমর্থিত পেশাজীবী ও সংখ্যালঘু অধিকারভিত্তিক সংগঠন ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট’-এর প্রতিষ্ঠাকালীন সময়ে বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং ২০১৫ সাল থেকে সংগঠনটির মহানগর সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উক্ত সংগঠনের বরিশাল মহানগর আহ্বায়ক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়া গবেষণা পরিষদের বরিশাল মহানগরের আহ্বায়কের দায়িত্বেও নিয়োজিত রয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে আলবার্ট রিপন বল্লভ জানান, তৎকালীন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বা সিটি মেয়রের সঙ্গে তাঁর যেসব ছবি ছড়ানো হচ্ছে, সেগুলো মূলত বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সুধী সমাবেশে অংশ নেয়ার সময়কার। আয়োজকদের আমন্ত্রণ রক্ষা কিংবা সৌজন্যমূলক আতিথেয়তা গ্রহণের মুহূর্তগুলোকে কেন্দ্র করে তোলা এসব ছবিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে একটি মহল তাঁকে সংশ্লিষ্টদের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের অপচেষ্টা করছে।

এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের চরম দুঃসময়েও আমি রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে ছিলাম। আমার রাজনৈতিক পরিচয় ও আদর্শ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে আমাকে হেয় করার চেষ্টা করছে। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই। বিএনপির প্রতি আমার ভালোবাসা ও আস্থা অতীতে যেমন ছিল, আজও আছে এবং আজীবন থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন রাজনৈতিক কর্মীর দীর্ঘদিনের ত্যাগ, রাজপথের সংগ্রাম এবং সাংগঠনিক অবদানকে মূল্যায়ন না করে বিচ্ছিন্ন কিছু ছবি দিয়ে তাঁর আদর্শ বা রাজনৈতিক অবস্থান বিচার করা সম্পূর্ণ অযৌক্তিক ও অনভিপ্রেত। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সামাজিক শিষ্টাচার ও ব্যক্তিগত পরিসরের ছবি ব্যবহার করে কাউকে ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার সংস্কৃতি সুস্থ রাজনীতির অন্তরায়।

দীর্ঘ রাজনৈতিক পথচলার পর আলবার্ট রিপন বল্লভের প্রত্যাশা, কোনো ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, রাজপথের সংগ্রাম ও ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers