রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ
  >
জাতীয়

‘আমলাদের চাতুরিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা যাচ্ছে না’

নিউজজি প্রতিবেদক ২৯ জুন , ২০২২, ২১:০৬:৩০

335
  • ‘আমলাদের চাতুরিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা যাচ্ছে না’

ঢাকা: আমলাদের চাতুরিতে প্রধানমন্ত্রীর অনেক নির্দেশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আরও বলেছেন, প্রশাসনের অনেক বিধি রয়েছে, যা অপ্রয়োজনীয়। এগুলোর বাস্তবতা নাই। ব্রিটিশ ও পাকিস্তান সামরিক শাসকরা এসব করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এসব বদলানোর। কিন্তু বদলানো যাচ্ছে না। চতুর ও দুষ্টু আমলারা এসব বিধান চাতুরির সঙ্গে কাজে লাগাচ্ছেন।

আজ বুধবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর লেক শোর হোটেলে ‘সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক এক গণসংলাপে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালকদের আচরণেও বিরক্ত প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রকল্প পরিচালক। কিন্তু দেখা যায়, পঞ্চগড়ের কোনও প্রকল্পের পরিচালক ঢাকায় থাকছেন। এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের কাছে কেউ থাকতে চাচ্ছেন না। জেলা-উপজেলা পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারীকে পাওয়া যায় না। তাদের নাটাই ঢাকায়, কিন্তু সুতা কাটা যাচ্ছে না।

এম এ মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে যে নিয়মকানুনগুলো আছে, তা কঠোর নয়। এখন সময় এসেছে, আইনকানুনের সংস্কারের। তবে সেগুলো পারা যাচ্ছে না।

তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য জনগণকে তুষ্ট রাখা হলেও অনেক সময় আমলাতান্ত্রিক আইনের ধারার কারণে সম্ভব হচ্ছে না।

কৃষক যেন নির্বিঘ্নে গরু নিয়ে রাস্তা পার হতে পারে, এ জন্য গ্রামীণ এলাকায় সড়কের নিচ দিয়ে আন্ডারপাস করার পরিকল্পনা আছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন