বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ
  >
জনপদ

ধামরাইয়ে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৪, ১০:৫৮:৩১

403
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ধামরাইয়ে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। পরে তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নেন।

সোমবার (৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় আধাঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা স্থায়ীকরণের জন্য প্রতিষ্ঠানের কাছে দাবি করে আসছিল। এছাড়া মাসিক ১৫ হাজার টাকা বেতন ও প্রতিদিন ডিউটি করার সুযোগ চেয়েছিল শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। ৩ মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পায়নি। তাই আজ তারা ৯ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

দাবিগুলো হলো—মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেয়া, কর্ম দক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করা, কোম্পানির লভ্যাংশ দেয়া, নাইট বিল দেয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দিতে হবে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য কারখানার সামনে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers