রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

স্মৃতিতে তারেক মাসুদ ও মিশুক মুনীর

রুহুল আমিন ভূঁইয়া  ১৩ আগস্ট, ২০২৫, ১৪:৪৩:০৫

310
  • স্মৃতিতে তারেক মাসুদ ও মিশুক মুনীর

আবু তারেক মাসুদ। যিনি তারেক মাসুদ নামেই পরিচিত। তারেক মাসুদ একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। তার প্রথম ফিচার চলচ্চিত্র ‘মাটির ময়না’ । ২০০২ সালে এটি কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। আর এটিই প্রথম বাংলাদেশি বাংলা চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারের জন্য নিবেদন করা হয়েছিল।

তারেক মাসুদের পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোনার বেড়ি’ (১৯৮৫) এবং সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ (২০১০)। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। ২০১৩ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এশিয়ান, প্যাসিফিক, আমেরিকান ইন্সটিটিউট এবং দক্ষিণ এশিয়া সলিডারিটি ইনিশিয়েটিভ তার চলচ্চিত্রের প্রথম উত্তর আমেরিকান ‘ফিরে দেখা’ অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক মাসুদ জীবনের প্রথম প্রামাণ্যচিত্র তৈরি করতে গিয়ে তার আর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তাকে বেশির ভাগ সময়েই ঢাকা আর্ট কলেজে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) কাটাতে হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখক শিবির, বাম আন্দোলন এবং বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে তার পরিচয় হয় মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, শামীম আখতারদের সাথে।

আশির দশকে শুরু হয় তারেক মাসুদের চলচ্চিত্র জীবন। তার নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জীবন নিয়ে এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি। এরপর তিনি আরও কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হন এবং অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই নির্মাতা। ওইদিন তারেক মাসুদের নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ, মিশুক মুনীর ও তাদের সহকর্মীরা মানিকগঞ্জে যান। ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।

দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তারেক মাসুদ। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো—‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘মুক্তির কথা’, ‘আদম সুরত’ ও ‘নরসুন্দর’।

 

মিশুক মুনীর

 

মিশুক মুনীর। পুরো নাম আশফাক মুনীর চৌধুরী। একাধারে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক ও চিত্রগ্রাহক। মিশুক মুনীরকে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মেজ ছেলে তিনি। ১৯৫৯ সালে নোয়াখালী জেলায় ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (১৯৭৯-১৯৮৩) পাস করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগে শিক্ষকতা শুরু করেন। তিনি প্রথম ১৯৯৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে‘ ভিডিও জার্নালিজম কোর্স’-এর সূচনা করেন। ১৯৯৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। মিশুক মুনীর ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রথম যাত্রায় হেড অব নিউজ অপারেশনের দায়িত্ব নিয়ে দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার জন্ম দেন।

নিজ হাতে গড়ে তোলেন একুশে টেলিভিশনের সংবাদ টিম। ২০০১ সাল পর্যন্ত একুশে টিভির বার্তা প্রধান (পরিচালনা) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে দেশের গণ্ডি ছাপিয়ে সরাসরি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মিশুক মুনীর। আফগানিস্থানে চিত্রায়িত প্রামাণ্যচিত্র রির্টান টু কান্দাহারের প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি। কাজ করেছেন বিশ্ব নির্মাতাদের সঙ্গে।

২০০৭ সালে কানাডীয় সাংবাদিক পল জেয়োর সাথে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্ক। সেখানে তিনি দীর্ঘদিন সম্প্রচার প্রধান ও পরিচালক হিসেবে কাজ করেছেন। টরন্টোর ব্রেকথ্রো ফিল্মস, জে ফিল্মস ইত্যাদি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরাপারসন ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।

সর্বশেষ ২০১০ সালে তিনি এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি লিবিয়ার সংকটের সময় সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংবাদ সংগ্রহ করতে নিজেই ছুটে যান। মিশুক মুনীর একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশনের এবং কানাডিয়ান ইনডিপেনডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য এবং কানাডিয়ান সোসাইটি অব সিনেমাটোগ্রাফির সহযোগী সদস্য ছিলেন।

সম্প্রচার সাংবাদিকতার রূপকার মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত সিনেমা ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক মুনীর।

এ ছাড়া তিনি রিটার্ন টু কান্দাহার, ওয়ার্ডস অব ফ্রিডম প্রামাণ্যচিত্র গুলোতেও কাজ করেছেন। ২০১১ সালের ১৩ই আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সাথে নিহত হন তিনি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers