বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

শ্রদ্ধাঞ্জলি কর্তা

মাঈনুদ্দীন দুলাল ১ অক্টোবর, ২০২৫, ১৬:৫৪:৫৮

263
  • শ্রদ্ধাঞ্জলি কর্তা

শচীন দেববর্মন, ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজপুত্র, তেমনি ভারতীয় সঙ্গীতেরও এক রাজপুত্তর। কিন্তু তার গায়ে কোন রাজকীয় পোষাক কখনোই ছিলনা। দামী সুগন্ধির সুবাসও ছিলনা। বরং তিনি পলল মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে জীবন পার করেছেন। বাংলার রূপালী নদীর ছলাত্ ছলাত্ ঢেউের শব্দ,গাঙের মাঝিমাল্লার গান,বাতাসের শোঁ শোঁ আওয়াজের সুরে সারাজীবন বিমোহিত ছিলেন।

আজ ১লা অক্টোবর তার জন্মদিন। তাকে সম্মান এবং সমীহ করে ডাকা হয় শচীন কর্তা। 

কর্তা শব্দটি বেশ কিছু অর্থ বহন করে।  যেমন- স্রষ্টা, নির্মাতা,প্রধানব্যক্তি,অধ্যক্ষ,প্রভু।  পরিবারের মুরুব্বিকেও কর্তা সম্বোধন করা হয়। তিনি ঐ সময় গানের প্রধানতম পুরুষ ছিলেন। গায়ক,সুর স্রষ্টা, পৃষ্ঠপোষকতায় নেতৃস্থানীয় ছিলেন। তাই তিনি কর্তা।

আবহমান বাংলা গানের হৃদয় থেকে উৎসরিত সুর,ভাব,আবহ তিনি সারা ভারতবর্ষে রোপন করেছেন। 

কাঁধে ঢোলক নিয়ে গাইলেন " তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই তাও ভুলিনা বাংলা মায়ের কোল"। আবার বল্লেন,

"তোমার মাটির সুরে সুরেতে

আমার জীবন জুড়াইলা মাগো

বাউল ভাটিয়ালিতে

পরান খুইলা মেঘনা তিতাস

পদ্মারই গান গাই

সব ভুলে যাই

তাও ভুলি না বাংলা মায়ের কোল"। 

বাংলার মেঠো সুরের সাথে মিশেল করলেন রাগ সঙ্গীতের অলংকার। বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন তার প্রথম গুরু। নবদ্বীপ খুব ভালো সেতার বাজাতেন। পাশাপাশি ভারতীয় রাগ সঙ্গীতে ছিল দখল। এরপর শচীন দেব কোলকাতায় ওস্তাদ ভীষ্মদেব চট্টোপাধ্যায়, আলাউদ্দিন খান, কৃষ্ণ চন্দ্র দে'র মত গুনীর কাছে তালিম নেন। হয়ে ওঠেন মহিরুহ।

তার বাংলা বা হিন্দি ভাষার কোন গান উল্লেখ করবনা। সঙ্গীত প্রেমীদের কাছে এটি হবে বাতুলতা। আর যারা কর্তার গান শোনেন না তাদের সাথে তার গান নিয়ে কথা বলা হবে সময়ের অপচয়।

বাংলা জয় করে ১৯৪৪ সাল থেকে তিনি বোম্বাই-এ বসবাস শুরু করেন এবং তাঁর প্রধান কর্মকেন্দ্ৰ স্থাপিত হয় সেখানেই। ৮০টির অধিক হিন্দী ছবিতে সুরারোপ করে অনন্য কীর্তি রাখেন। ১৯৫৮ সালে সঙ্গীত-নাটক-আকাদমি ও এশিয়ান ফিলম সোসাইটি (লন্ডন) তাকে বিশেষভাবে সম্মানিত করে। ১৯৬৯ খ্রী. ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্ৰী’ উপাধিতে-ভূষিত হন। 

তার স্ত্রী মীরা দেবীর কথা শচীন দেবের সাথে সমস্বরে উচ্চারিত হবে। কারণ তার গাওয়া বেশীরভাগ জনপ্রিয় বাংলা গানের লিরিক মীরা দেবীর।  বোম্বে সিনেমার সুরকার রাহুল ( আর ডি বর্মন) তাঁর একমাত্র পুত্র। আর ডি বাংলা সিনেমা এবং আধুনিক গানেও দাগকাটা কিছু সুর করেছেন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers