বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

শরৎ উৎসবে সাজছে চারুকলার বকুলতলা

নিউজজি ডেস্ক ১১ অক্টোবর, ২০২৫, ১৮:১০:৩৫

294
  • ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শরৎ উৎসব ১৪৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় এই আয়োজন করছে চারুকলা অনুষদ। শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারুকলা অনুষদ প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন প্রজন্মের কাছে দেশীয় শিল্প, সাহিত্য ও ঐতিহ্য তুলে ধরতে উৎসাহ দিয়ে আসছে। এর অংশ হিসেবেই অনুষদের প্রাঙ্গণ বকুলতলা বিভিন্ন উৎসব আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া হয়।

এই ধারাবাহিকতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য বকুলতলা ব্যবহারের অনুমতি চায় এবং তা অনুমোদন দেওয়া হয়। তবে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ৯ অক্টোবর ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পী সমাজ’ চারুকলা অনুষদে লিখিত অভিযোগ জমা দেয়, যেখানে দাবি করা হয়—উক্ত আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ছবি ও তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চারুকলা অনুষদ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির জন্য আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা শেষে শরৎ উৎসব ১৪৩২-এর জন্য প্রদত্ত অনুমতি বাতিলের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেহেতু এ দেশের ঋতুভিত্তিক সব অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে, সেহেতু এ মর্মে সিদ্ধান্ত হয়, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers