সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

শিল্প-সংস্কৃতি

মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আজ স্মরণ করা হয় ৪ গুণীজনকে

নিউজজি ডেস্ক ১৭ মে, ২০২৬, ১৮:২৬:৪১

168
  • মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আজ স্মরণ করা হয় ৪ গুণীজনকে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। ২০ মে ২০২৬ পর্যন্ত ১০ দিনব্যাপী এই আয়োজনে স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।

আজ ১৭ মে ২০২৬, বিকাল ৪টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রথম পর্বে স্মরণ করা হয় সংগীতশিল্পী  ফরিদা ইয়াসমিনকে। তিনি আধুনিক বাংলা, উর্দু গান ও গজলে পারদর্শী ছিলেন এবং ১৯৫৮ থেকে ১৯৬৮ পর্যন্ত এক দশক জুড়ে চলচ্চিত্র ও বেতারের একজন জনপ্রিয় ও নিয়মিত শিল্পী ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ঐতিহ্য-০১) জনাব ইলিয়া সুমনা। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী জনাব ফওজিয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন বিভাগের উপপরিচালক জনাব পূর্ণলাক্ষ চাকমা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী জিনিয়া হাসান ও শিল্পী আবিদা রহমান সেতু।   

এরপর বিকাল ৫টায় স্মরণ করা হয় বাংলাদেশের খ্যাতিমান সুরকার এবং সংগীত পরিচালক ওয়াহিদুল হক-কে। তিনি ছিলেন বাংলাদেশের লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রবীন্দ্র সংগীত গবেষক। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ‘স্বাধীন বাংলা শিল্পী সংস্থা’র প্রধান উদ্যোক্তা ছিলেন। খ্যাতিমান এই গুণীব্যক্তিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মফিদুল হক। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ড. অনুপম কুমার পাল ও শিল্পী হিমাদ্রী রায়।   

সন্ধ্যা ৬টায় স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ-কে। তিনি একজন ভাষাসৈনিকও ছিলেন এবং শহিদ দিবস নিয়ে রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’গানটির বর্তমান সুরও তিনিই করেছিলেন। এই গানের সুরকার হিসেবেই তিনি অধিক পরিচিত। আলতাফ মাহমুদকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক সায়মা আহমেদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী এম এ মমিন ও শিল্পী শারমিন আক্তার শাওন।

সন্ধ্যা ৭টায় দিনের শেষ অনুষ্ঠানে সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক সুধীন দাশকে স্মরণ করা হয়। তিনি গান গেয়েছেন, সুর করেছেন, সংগীত পরিচালনা ও গবেষণার পাশাপাশি বাংলা গানের ধ্রুবতারা কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে শ্রোতার কাছে শুদ্ধরূপে পৌঁছে দেয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটি তিনিই করেছেন। তাঁর বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। প্রয়াত এই গুণীজনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও লেখক জনাব শাহীনুর রেজা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আক্কাস হোসাইন ও শিল্পী সুস্মিতা দেবনাথ সুচি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers