সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম ছাড়ালো আউন্স প্রতি ৪,০০০ ডলার

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ১৩:১৬:৫৩

150
  • ছবি: সংগৃহীত

ঢাকা: স্বর্ণের দাম রেকর্ড অতিক্রম করে প্রতি আউন্সে ৪,০০০ মার্কিন ডলার (প্রায় ২,৯৮৫ পাউন্ড) ছাড়িয়ে গেছে। বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজতে এদিকে ঝুঁকছেন। ১৯৭০-এর দশকের পর এটাই স্বর্ণের সবচেয়ে বড় উত্থান, যেখানে এপ্রিল থেকে দাম প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে বড় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ববাণিজ্যে শুল্ক আরোপের ঘোষণা, যা আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। খবর বিবিসি। 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরো বাড়ছে। স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ বা ‘সেফ হেভেন’ হিসেবে ধরা হয়, বিশেষ করে বাজারের অস্থিরতা কিংবা অর্থনৈতিক মন্দার সময় এর মূল্য ধরে রাখার বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক সংকটের কারণে বছরের শুরু থেকে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে স্বর্ণে আগ্রহ দেখাচ্ছেন। ফলস্বরূপ, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের মূল্য ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

এশিয়ার বাজারে বুধবার বিকেলে স্পট গোল্ডের (তাৎক্ষণিক ডেলিভারির জন্য স্বর্ণের বাস্তব সময়ের বাজারমূল্য) দাম প্রতি আউন্সে ৪ হাজার ৩৬ ডলারেরও বেশি ছুঁয়েছে। স্বর্ণের ফিউচারস (ভবিষ্যতের নির্ধারিত তারিখে কেনাবেচার চুক্তি) একই দামে পৌঁছেছিল ৭ অক্টোবর। সাধারণত এই ফিউচারস চুক্তিগুলো বাজারের সামগ্রিক পরিস্থিতি বোঝার সূচক হিসেবে ব্যবহৃত হয়।

ওসিবিসি ব্যাংকের (OCBC) সিঙ্গাপুরভিত্তিক রেটস স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টোফার ওং বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধের (শাটডাউন) ফলে স্বর্ণের দামের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

তিনি জানান, অতীতেও যুক্তরাষ্ট্রে শাটডাউনের সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে এক মাসব্যাপী সরকার বন্ধের সময় স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে মি. ওং সতর্ক করে বলেন, যদি এবার শাটডাউন দ্রুত শেষ হয়, তাহলে স্বর্ণের দাম কমতেও পারে। 

ইউওবি ব্যাংকের (UOB) মার্কেট স্ট্র্যাটেজির প্রধান হেং কুন হাও বলেন, গত এক মাসে স্বর্ণের অভূতপূর্ব উত্থান বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তার মতে, এই উত্থানের পেছনে দুর্বল মার্কিন ডলার ও সাধারণ বিনিয়োগকারীদের (রিটেইল ইনভেস্টর) স্বর্ণ কেনার প্রবণতাও ভূমিকা রেখেছে।

তবে সবাই স্বর্ণের বাস্তব ধাতু কেনেন না—অনেকে স্বর্ণ-সমর্থিত আর্থিক পণ্য, যেমন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF)-এ বিনিয়োগ করেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রেকর্ড ৬৪ বিলিয়ন ডলার স্বর্ণ-সমর্থিত ইটিএফে বিনিয়োগ হয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers