শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

নির্বাচনে ৯৬ ঘণ্টা এমএফএসে কড়াকড়ি, বন্ধ ক্যাশ-ইন ও আউট

নিউজজি ডেস্ক ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ১৭:৫৬:২৪

159
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে, যা ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। এই সময়ে টানা ৯৬ ঘণ্টা এমএফএসের কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সম্পূর্ণ বন্ধ: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালে অবৈধ অর্থের ব্যবহার ও প্রভাব রোধে সব ধরনের পারসোনাল এমএফএস অ্যাকাউন্টে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময়ে কোনো গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা দিতে বা নগদ উত্তোলন করতে পারবেন না। এ কারণেই বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএস অ্যাপে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশন নিষ্ক্রিয় থাকবে।

সেন্ড মানি করার নতুন সীমা: জরুরি প্রয়োজনে গ্রাহকেরা একে অপরকে টাকা পাঠাতে বা ‘সেন্ড মানি’ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কঠোর সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠাতে পারবেন। এভাবে দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। অর্থাৎ দিনে ১০ হাজার টাকার বেশি সেন্ড মানি করা সম্ভব হবে না।

মোবাইল রিচার্জ ও পেমেন্ট স্বাভাবিক: সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পে (বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল) ও কেনাকাটার পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে। এ ক্ষেত্রে নতুন সীমা বা বিধিনিষেধ দেয়া হয়নি। গ্রাহকেরা হিসাবের টাকা দিয়ে যেকোনো কেনাকাটার পেমেন্ট বা বিল পরিশোধ করতে পারবেন।

শিক্ষা ও জরুরি ফি: শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান এবং অন্যান্য সরকারি জরুরি সেবার ফি পরিশোধের ক্ষেত্রে বাধা নেই। এগুলো প্রচলিত নিয়মেই সচল থাকবে।

কেন এই বিধিনিষেধ: সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনকানের সময় ভোট কেনাবেচা বা কোনো ধরনের নাশকতামূলক কাজে অর্থের জোগান বন্ধ করতেই কেন্দ্রীয় ব্যাংক এই কড়াকড়ি আরোপ করেছে। তবে ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব ধরনের এমএফএস সেবা পুনরায় আগের মতো পূর্ণাঙ্গভাবে সচল হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন