মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা

নিউজজি প্রতিবেদক ১৯ এপ্রিল , ২০২৬, ১৮:৩১:০২

98
  • সংগৃহীত

ঢাকা: চলতি মাসে একবার দাম বাড়ানোর পর আবারও ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর মূল্য বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম একই দিনের সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে, গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির এই দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। অর্থাৎ, মাত্র ১৭ দিনের ব্যবধানে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে দাম বেড়ে গেলো ২১২ টাকা।

এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া এবং বিকল্প পথে বা উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন এলপিজির দাম ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এদিকে, নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেলও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।

এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।

নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার কেরোসিন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers