সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম

নিউজজি ডেস্ক ২০ মে , ২০২৬, ১০:৪৭:৪৫

118
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের যে উদ্বেগ ছিল, তা কিছুটা কমে আসায় বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর রয়টার্স।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯.৬৯ ডলারে পৌঁছেছে। এর আগের কার্যদিবসে স্বর্ণের দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে জুন মাসে সরবরাহযোগ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৩০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, হামলার চূড়ান্ত অনুমোদন দেওয়ার প্রায় এক ঘণ্টা আগে সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছিলেন।

তবে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। নতুন করে কোনো সামরিক সংঘাত বা অভিযান শুরু হোক—তা কোনো পক্ষই চাচ্ছে না।

ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন মঙ্গলবার এক বিবৃতিতে জানান, বর্তমান সুদের হারের স্তরটি সাময়িকভাবে উপযুক্ত। বাজারে এখনো মূল্যস্ফীতির চাপ চড়া থাকায় এই সুদের হার দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। তবে ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে—বিনিয়োগকারীদের এমন ভাবনাকে তিনি একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।

এদিকে রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ আভাস দিয়েছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) এই বছর সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে। বাজারে চলমান মূল্যস্ফীতির এই ধাক্কাটিকে সাময়িক মনে করছেন তারা। ফলে সুদের হার কমানোর যে দীর্ঘদিনের পূর্বাভাস ছিল, তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, তা স্পষ্টভাবে বুঝতে বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন, যা আজই অবমুক্ত হওয়ার কথা রয়েছে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪.৫৫ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৬.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫.৫০ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশে র্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers