শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৬, ১৪:৫৯:১৬

120
  • সংগৃহীত

ঢাকা: তারল্য সংকট মোকাবিলায় বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবারও ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। ১০ হাজার কোটি টাকা চাহিদার বিপরীতে প্রাথমিকভাবে এ অর্থ দেওয়া হয়েছে।

চলতি মাসের প্রথম ১০ দিনে আমানতকারীদের নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতেই মূলত এ বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়ে গভর্নর প্রয়োজন অনুযায়ী নগদ সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে ভবিষ্যতে আরও সহায়তার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৯ জুন পর্যন্ত মাত্র ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। ব্যাংকের বড় অংশের আমানত বিভিন্ন খাতে বিনিয়োগ থাকায় তারল্য চাপ তৈরি হয়েছে।

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা।

পরবর্তী দুই দিনে আরো প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ ছাড়া ইসলামী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পরে রাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করে বোর্ডের সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

এতে আরো বলা হয়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers