মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে আলেমদের সম্পৃক্ত করার উদ্যোগ ইসলামী ব্যাংকের

নিউজজি ডেস্ক ৮ আগস্ট , ২০২৬, ১৬:৪৬:৩৮

181
  • সংগৃহীত

ঢাকা: ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়াতে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শনিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

বাংলা কিউআর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এই পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি।

তিনি বলেন, বাংলা কিউআর-এর মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআর-এর আওতায় আনা গেলে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় এগিয়ে চলছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কাজ করে যাচ্ছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers