বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

নিউজজি ডেস্ক ২৮ নভেম্বর , ২০২৫, ১২:৩৩:৩৭

207
  • সংগৃহীত

ঢাকা: শীতের আমেজ বাড়তে না বাড়তেই রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমি সবজির সমারোহ সবার নজর কেড়েছে। সরবরাহ বৃদ্ধি ও অনুকূল আবহাওয়ার কারণে বাজারে এখন সয়লাব নানা রঙের শীতকালীন সবজি দিয়ে।

তবে শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকলেও অধিকাংশ সবজি এখনও কেজিপ্রতি একশ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দু-একটি সবজির দাম সামান্য কমলেও বেশিরভাগ সবজির দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর কিছু বাজার ঘুরে দেখা যায়, বাজারে ফুলকপি ৮০ টাকা, শিম ১০০ টাকা, বেগুন ১০০ টাকা এবং খিরাই ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে দেখা মিলেছে 'পেঁয়াজের কালি'-যা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে মুলা ও বাঁধাকপি। বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকা দরে।

তবে লাউয়ের দাম বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি লাউ ৩০-৪০ টাকায় পাওয়া গিয়েছে, সেখানে শুক্রবার তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

টানা তিন সপ্তাহ পর কিছুটা কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে কেজি ১১০ টাকা থাকলেও এবার বিক্রি হয়েছে ১০০ টাকায়। বিপরীতে বেড়েছে কাঁচামরিচের দাম; ১৬০ টাকা থেকে বেড়ে কেজি ২০০ টাকা হয়েছে। নতুন আলু অবশ্য সবসময়ই বাড়তি দামে বিক্রি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতি কেজি নতুন আলু বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে বরবটি বিক্রি হচ্ছে বাজারভেদে ৭০-৮০ টাকা কেজি দরে। একইভাবে ঢ্যাঁড়স ও পটোলের দাম কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। নতুন আসা মিষ্টি কুমড়া প্রতিটি ৮০-১০০ টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে।

দাম চড়া নানা ধরনের শাকেরও। প্রতি আঁটি শাক কিনতে কমপক্ষে ২০ টাকা খরচ হচ্ছে। যদিও শীতের সময় ১০-১৫ টাকার মধ্যেই বেশিরভাগ শাক বিক্রি হয়।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে লেয়ার, সোনালীসহ অন্যান্য মুরগির দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। এছাড়া মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে, বাজারে আগের তুলনায় ইলিশ মাছের পরিমাণ বেড়েছে। এর মধ্যে মাঝারি আকারের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩৩০ টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। বাজারে দাম বাড়ার মূল কারণ হিসেবে বিক্রেতারা ফিডের দাম ও খামার পর্যায়ের অন্যান্য খরচ বৃদ্ধিকে দায়ী করছেন।

অন্যদিকে, মাছের বাজারে সবচেয়ে বেশি দৃষ্টি পড়ছে ইলিশে। মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। বড় আকারের ইলিশের কেজি ২০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত উঠেছে।

তবে ইলিশ ছাড়াও অন্যান্য মাছের দামও চড়া। রুই, কাতল ও মৃগেল আকার ও মানভেদে কেজিতে ৩০০ থেকে ৭৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙ্গাস ও তেলাপিয়ার মতো তুলনামূলক কম দামের মাছও ১৯০-২৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

এছাড়া, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, সিলকার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৭০০ টাকা, কালিবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ছোট মাছের মধ্যে কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা এবং গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-১০০০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন