শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মে ‘জিরো টলারেন্স’

বরিশাল প্রতিনিধি: ৭ এপ্রিল , ২০২৬, ১৯:৫৭:৫৬

98
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মে ‘জিরো টলারেন্স’

বরিশাল: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও অভিযোগের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অভিযোগগুলো আর উপেক্ষা নয়, যাচাই-বাছাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করা হবে।

মঙ্গলবার(৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার আইন কাঠামোকে আধুনিক ও কার্যকর করা জরুরি। ১৯৯২ সালের আইনের ভিত্তিতে জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। ২০১০ ও ২০২৫ সালে কিছু সংশোধন আনা হলেও সময়ের চাহিদা অনুযায়ী আরও সংস্কার প্রয়োজন। আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি যুগোপযোগী ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলব, বলেন তিনি।

তিনি আরও বলেন, অনুমোদনবিহীন বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার পেছনে রাজনৈতিক প্রভাবও ছিল। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হয়েছে। এগুলোর বাস্তব অবস্থা নিরূপণে একটি সমীক্ষা চালানো হবে এবং তার ভিত্তিতে পুনর্গঠন, একীভূতকরণ বা স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের ওপর জোর দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা। আমরা কোনোভাবেই অনিয়ম সহ্য করব না। পরীক্ষাকে ঘিরে যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা তৈরি হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রী সকালে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাবলিক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সর্বশেষ বিকেলে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা এবং সার্বিক মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রী।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers