বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

শিক্ষা

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি: ২৬ এপ্রিল , ২০২৬, ১৯:২৩:০৭

109
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

বরিশাল : শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সংঘর্ষ ও সহিংসতার তীব্র সমালোচনা করে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা এমন একটি নিরাপদ ও সহনশীল ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সব রাজনৈতিক মত ও দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত থাকবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হোসেন। সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হোসেন বলেন, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাম্পাসে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম চলছে, তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি জায়গা হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারবে। কিন্তু বাস্তবে আমরা তার উল্টো চিত্র দেখছি।

তিনি আরও বলেন, অস্ত্রের ঝনঝনানি বা শক্তির প্রদর্শন কখনোই সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে না। আমরা চাই একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস।

সভাপতির বক্তব্যে আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ বলেন, গত ৫ আগস্টের পর দেশের ক্যাম্পাসগুলো তুলনামূলক শান্ত ছিল। কিন্তু সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা দেশের অন্যান্য ক্যাম্পাসেও প্রভাব ফেলছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আমরা সবাই শিক্ষার্থী, আমাদের দায়িত্ব শিক্ষার পরিবেশ বজায় রাখা। কোনো ধরনের সহিংসতা বা আধিপত্য বিস্তার শিক্ষাঙ্গনের জন্য কল্যাণকর নয়। সংশ্লিষ্ট সকল ছাত্রসংগঠনকে সহনশীল আচরণের আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মুহাম্মাদ নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি থেকে বক্তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি সহনশীল ও গণতান্ত্রিক ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers