মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

শিক্ষা

কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনে অগ্রগতি

খুলনা প্রতিনিধি ৪ মে , ২০২৬, ১৯:৫১:২৭

102
  • কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনে অগ্রগতি

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগে নতুন গতি এসেছে। এ লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দাপ্তরিক কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেএমপি কমিশনার দ্রুততম সময়ের মধ্যে স্থান চূড়ান্ত করে ফাঁড়ির কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।

বৈঠকে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) এম এম শাকিলুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান এবং অবকাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. জুলফিকার হোসেন।

স্থান পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে উপস্থিত কর্মকর্তারা ভিসি বাংলোও পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরবর্তীতে আইজিপি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কুয়েট ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাই নয়, বরং পুরো এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers