শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

শিক্ষা

ববিতে ছাত্রদলের বিক্ষোভ ও তীব্র স্লোগান

বরিশাল প্রতিনিধি: ১৪ জুন , ২০২৬, ১৮:৪০:৫৭

104
  • ববিতে ছাত্রদলের বিক্ষোভ ও তীব্র স্লোগান

বরিশাল: ছাত্র শিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রোববার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের গ্রাউন্ডফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ক্যাম্পাসজুড়ে—“শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি”, “ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না”, “বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার” এবং “জাস্টিস জাস্টিস” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

প্রতিবাদ সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত শিবিরের তীব্র সমালোচনা করে বলেন, শিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে নতুন করে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। গুম এবং অপহরণের মতো অত্যন্ত সংবেদনশীল শব্দকে তারা এখন সস্তা প্রতারণার হাতিয়ার বানিয়েছে। তারা নিজেরা অপরাধের সিন্ডিকেট তৈরি করে, আবার নিজেরাই ভিকটিম সেজে প্রকৃত ভিকটিমদের অবমাননা করছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭১ কিংবা ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ বা নারী নির্যাতন মেনে নেয়া হবে না। শিবির যদি এই ধরনের প্রতারণার নোংরা রাজনীতি অব্যাহত রাখে, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল রাজপথে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।

সমাবেশে ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিবির কর্তৃক ধর্ষণ ও গুমের নাটক সাজিয়ে সরকারের ওপর দোষ চাপানোর যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। শিবিরের কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক ও ঘৃণ্য কাজকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে বলেন, এই ঘটনার পর জামাতের আমির ড. শফিকুর রহমান যেভাবে ধর্ষকদের পক্ষে সাফাই গাইলেন, তাতে আবারও প্রমাণিত হলো যে নারীনীতি কিংবা নৈতিকতার প্রশ্নে তাদের কোনো সৎ নীতি নেই। তারা অপরাধীকে শাস্তি দেয়ার বদলে দলীয় পরিচয়ে পাহারা দিচ্ছে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনতিবিলম্বে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতারা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers