শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

শিক্ষা

‘ষষ্ঠ থেকেই কারিগরি শিক্ষা, ২০২৮ সালে নতুন কারিকুলাম’

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৬, ১২:১৭:৪১

169
  • সংগৃহীত

ঢাকা: আগামীর বাংলাদেশ গঠনে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান বিএনপি সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষা ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়। এ কারণে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়েও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি আরও জানান, বর্তমানে দেশে ৫৩টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন রয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।

তিনি উল্লেখ করেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার সুযোগ পায়।

শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার ওপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী ২০২৮ সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে।

এরই ধারাবাহিকতায়, আগামী ডিসেম্বরের মধ্যেই পরিমার্জিত সব বই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি।

উচ্চশিক্ষায় সেশনজট ও বিলম্ব এড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। এর মূল উদ্দেশ্য হলো, ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের বিলম্বে বা সেশনজটে পড়তে না হয়।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রেও যাতে আগামী দিনে বিশ্বমানের নেতৃত্ব তৈরি করা যায়, সেজন্য সরকার নতুন করে কাজ শুরু করেছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers