বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে সংঘর্ষ: সাংবাদিকসহ আহত অন্তত ১৫, তদন্তের আশ্বাস

বরিশাল প্রতিনিধি: ১৯ জুলাই , ২০২৬, ১৮:৩৯:১৭

129
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে সংঘর্ষ: সাংবাদিকসহ আহত অন্তত ১৫, তদন্তের আশ্বাস

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডাকেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের দাবি, পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় অংশ নেওয়া ৪০ থেকে ৫০ জন লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

এ দিকে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ‘আজকালের কণ্ঠ’-এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং ‘দৈনিক আমার দেশ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিও মণ্ডল, রিপন মণ্ডল, নাহিদ ইসলাম ও আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মারুফ এবং ইংরেজি বিভাগের আহনাফ। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল কাদের বলেন, “আমার ওপর ২০ থেকে ৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, “এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। গণিত বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তিনি বলেন, “আমাদের বিভাগের ৮ থেকে ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানান, উভয় পক্ষকে লিখিত অভিযোগ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers