শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

সংঘর্ষ-ভাঙচুরের মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোবিপ্রবি প্রতিনিধি ১৯ আগস্ট , ২০২৬, ১২:১৫:৩৪

106
  • ছবি : নিউজজি

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সাথে শিগগিরই বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের এ সিদ্ধান্ত আসে নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনার মধ্যে। মঙ্গলবার দুপুরে সালাম হল এলাকায় শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়। এ সময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগও ওঠে।

এর আগে, গত সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট সংলগ্ন এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে ফের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

ঘটনার পর নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেন। তিনি বলেন, আমরা এনিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এখানে আছেন। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা অতিদ্রুত এ নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers