বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

শেকৃবির একাডেমিক ভবনের ৪ লিফটই ত্রুটিপূর্ণ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৬, ১১:১০:৪১

149
  • ছবি : নিউজজি

শেকৃবি: শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এম মহবুবুজ্জামান একাডেমিক ভবনের ৪টি লিফট দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, মাঝপথে যাত্রীসহ আটকে পড়া এবং দরজা লক হয়ে যাওয়ার মতো ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এতে ভবনটিতে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি লিফটের ভেতরে ফ্যানের ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভবনের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভবনটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ শিক্ষক-শিক্ষার্থী যাতায়াত করেন। তাদের একটি বড় অংশ বিভিন্ন তলায় ওঠানামার জন্য লিফট ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে লিফটগুলোতে ত্রুটি দেখা দেয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ক্লাস ও পরীক্ষার সময়ে লিফট নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ১৩ অক্টোবর কয়েকজন শিক্ষার্থী লিফটে প্রবেশের পর স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হয়ে যায়। তবে লিফটটি ওপরে ওঠেনি। দরজা শক্তভাবে আটকে যাওয়ায় ভেতর থেকে তা খোলাও সম্ভব হয়নি। এতে লিফটের ভেতরে আটকে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

এর আগের দিনও ভবনটির ৪টি লিফটের মধ্যে ৩টি বন্ধ ছিল। সকালে লিফটগুলো সচল দেখা গেলেও ভেতরে প্রবেশের পর আবারও আটকে যাওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিবার মেরামতের কথা জানানো হলেও কিছুদিন পর একই সমস্যা ফিরে আসে। ৪টি লিফটেই বারবার ত্রুটি দেখা দেয়ায় সেগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, একটি একাডেমিক ভবনে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী যাতায়াত করেন। সেখানে লিফটের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেয়া অত্যন্ত উদ্বেগজনক। চলন্ত অবস্থায় লিফট বন্ধ হয়ে যাওয়া কিংবা দরজা আটকে যাওয়ার ঘটনায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মধ্যে লিফটটি জোরে ঝাঁকুনি দেয়। এছাড়াও, কয়েকজন শিক্ষক ইতিমধ্যে লিফটের ভেতরে আটকে পড়েছে। বারবার মেরামতের পরও সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

তারা আরও বলেন, লিফটের ভেতরে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও নেই। যা শিক্ষক-শিক্ষার্থীর ভোগান্তি বাড়িয়েছে। লিফটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করা জরুরি।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কাজে ভবনটিতে যাতায়াত করতে হয়। কিন্তু লিফটের এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে মাঝপথে আটকে পড়া, দরজা খুলতে না পারা এবং লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

সংশ্লিষ্টদের মতে, লিফটগুলো শুধু সাময়িকভাবে সচল রাখার পরিবর্তে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত করা প্রয়োজন। এ জন্য দক্ষ প্রকৌশলীর মাধ্যমে লিফটগুলোর পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা, প্রয়োজনীয় সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সাথে লিফটের ভেতরে পর্যাপ্ত ফ্যান ও বায়ু চলাচলের ব্যবস্থা করাও জরুরি।

দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে লিফটগুলোর নিরাপত্তা নিশ্চিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে একাডেমিক ভবনের লিফট অপারেটর বায়েজিদ বোস্তামী বলেন, লিফট চলাচলের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় লিফট আটকে যাচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে।

লিফটের ত্রুটির বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মোমেনুল আহসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers