বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, প্রতিবাদে কঠোর অবস্থানে শেকৃবি

শেকৃবি প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৬, ১১:১৬:২০

148
  • ছবি : সংগৃহীত

শেকৃবি: রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। মাঠটি পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি রয়েছে তাদের।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সালাহউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেকৃবির নিজস্ব জায়গা হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা সেখানে তারকাঁটার বেড়া দেয়াসহ বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে শেকৃবির বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেয়া হলে শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন। পাশাপাশি কৃষি গবেষণা ও ব্যবহারিক শিক্ষার পরিসরও বাড়বে।

মাঠ পুনরুদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এটি তাদের গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে তারা মাঠটি ফিরে পেতে চান। মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবারের কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান তারা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers