শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

আজ থেকে একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু

নিউজজি ডেস্ক ২ নভেম্বর , ২০২৬, ০৯:৪২:০২

254
  • আজ থেকে একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু

ঢাকা: আজ সোমবার (২ নভেম্বর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত। গতকাল রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল রোববার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আজ ও আগামীকাল নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে।

এবার একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের শেষ ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটায় আবেদনের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা তৈরি হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers