শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১২:৫৩:১২

140
  • এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

ঢাকা: প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা। এ পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ দিতে সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে বিশেষ এই পরীক্ষা শুরু হতে পারে। পাশাপাশি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সাপ্লিমেন্টারি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরে আজ বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে উচ্চমাধ্যমিকের এ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। তবে এ পরীক্ষায় শুধু ২০২৬ সালের পরীক্ষার্থীরাই নয়, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। এক্ষেত্রে শর্ত হলো, আগের বছরগুলোতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ অথবা বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।

অর্থাৎ, নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে পরপর দুই বা তিন বছর ধরে অকৃতকার্য শিক্ষার্থীরাও এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড। এ প্রক্রিয়া ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এর আগে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান।

শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers