মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

বিনোদন

থমকে গেল ব্যান্ড শিল্পী দীপের ভুবন

আশির কবির  সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১৯:৩০:০৮

320
  • থমকে গেল ব্যান্ড শিল্পী দীপের ভুবন

“বসে আছি পূর্ণিমাতে ভুবন আমার থমকে আছে…” 

এ লাইনটা ছিল দীপের জনপ্রিয় গান “বসে আছি”-এর শুরু। অদ্ভুতভাবে আজ এই লাইনটাই যেন তার জন্যে বেশি সত্যি শোনাচ্ছে। গত রাতের চাঁদের আলোও যেন আটকে গিয়েছিল অন্ধকারে। মনে হচ্ছিল কেমন থমকে আছে চারপাশ। আসলে থেমে গিয়েছিল আমাদের পরিচিত এক জগৎ—সেই ভুবন, যেটা দীপ তার কণ্ঠ দিয়ে এতদিন আলোকিত করে রেখেছিলেন। 

দীপ চলে গেছেন। রকস্টার, ভোকালিস্ট, স্বপ্নবাজ এক মানুষ—এবার তিনি চলে গেলেন এমন এক ভুবনে, যেখান থেকে ফেরার উপায় নেই।

২০০৭ সাল, ”ডি রকস্টার”-এর স্টেজে কণ্ঠ খুলে সবাইকে অবাক করেছিলেন দীপ। তখনই বোঝা গিয়েছিল—এই মানুষটা অন্যরকম। এরপর একলিপ্স–এর ভোকাল হিসেবে তিনি হয়ে উঠলেন তরুণদের প্রিয় নাম।

তার কণ্ঠে জন্ম নিলো “সুদূর কল্পনা”, “আহ্বান”, “পৃথিবীর প্রহর”—যা গিটার বাজানো কিশোরের হাতে, অথবা টেবিলে কলম ঠুকে গলা মেলানো কোনো বন্ধুমহলে—সমানভাবে জেগে থাকত। 

পরে রেডিও অ্যাক্টিভ,  ‘ক্রাল’, ‘কেলিপসো’ ও ‘র‍াস্টফ’ ব্যান্ড যেখানেই গিয়েছেন, তিনি নিজের আবেগ আর শক্তি ঢেলে দিয়েছেন সেখানে। 

আর তারপর একক কণ্ঠে আমাদের উপহার দিলেন সেই গান—“বসে আছি”। হয়তো জানতেন না, এটাই হবে তার জীবনের শেষ বড়ো কোন গান।  ব্যান্ড মিউজিক থেকে আধুনিক গান—সব জায়গাতেই তার গান তরুণদের মনে জাগিয়েছে আবেগ। যদিও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন না, ভক্তদের হৃদয়ে তিনি বেঁচে ছিলেন তার বহুল জনপ্রিয় গান “বসে আছি’ গান দিয়ে যা জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ পায়। এই গানের গিটারিস্ট মিনহাজ আহমেদ  পিকলুও আমাদের ছেড়ে চলে গেছেন।

দীপরে আকস্মিক মৃত্যুতে পুরো রক ইন্ডাস্ট্রি হতবাক। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ইন্ডাস্ট্রির ফ্ল্যাগ বেয়ারার ও লেজেন্ডারি সাউন্ড ইঞ্জিনিয়ার ঈশা খান দূরে জানান, “আমি গতকাল রাত ১২টার দিকে এই খবর জানতে পারি। দীপের সঙ্গে আমার প্রায়ই ফোনে কথা হতো। মিউজিক নিয়ে ওর অনেক প্যাশন ছিল, ডেডিকেশন ছিল প্রশংসনীয়। সবসময় নতুন ‍কিছু করতে চাইতো। দীপের চলে যাওয়া খুবই কষ্টদায়ক”।

ব্ল্যাক ব্যান্ডের গিটারিস্ট জাহান বলেন, “দীপ একবার ব্ল্যাকের সঙ্গে স্টেজে পারফর্ম করেছিল। সেই স্মৃতি এখন চোখে ভাসছে। খুবই লাজুক এবং ইন্টোভার্ট একটা ক্যারেক্টার ছিল দীপ। ওর মতো ভোকাল খুব কম আছে। দীপের চলে যাওয়া আমাদের জন্য বিশাল লস।”

শ্রোতারা তাকে চিনতেন স্টেজের আলোতে দাঁড়ানো দীপ হিসেবে—অবিরাম কণ্ঠে পৃথিবীকে নতুন স্বপ্ন শোনানো মানুষ হিসেবে। কাছে যারা ছিলেন, তারা জানেন—গিটার বা মাইকের বাইরেও তিনি ছিলেন শান্ত, নরম, হাসিমাখা এক মন।

হয়তো এটাই সত্যি—একজন শিল্পী কখনো চলে যান না। মানুষটা শরীর নিয়ে চলে যান, কিন্তু তার তৈরি সুর, তার উচ্চারণ, তার ভেতরের আবেগ—সবকিছু চিরকাল আমাদের সঙ্গে থেকে যায়। 

“রূপালী জ্যোৎস্নায় দাঁড়িয়ে এক বুক অবিনাশী হাহাকারে…”

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers