মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

বিনোদন

নতুন প্রজন্মের অভিনয় শিল্পী : কাব্যকথা প্রতীতি

নিউজজি ডেস্ক  এপ্রিল ২৬, ২০২৬, ১৮:৫৭:২০

564
  • নতুন প্রজন্মের অভিনয় শিল্পী : কাব্যকথা প্রতীতি

বাংলাদেশের বিনোদন অঙ্গনে নতুন প্রজন্মের যেসব তরুণ অভিনয় শিল্পী নীরবে কিন্তু ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান তৈরি করছে, তাদের মধ্যে কাব্যকথা প্রতীতি  উল্লেখযোগ্য নাম। অভিনয়, নৃত্য, উপস্থাপনা ও ভয়েসওভার--শিল্পের একাধিক শাখায় সমান স্বাচ্ছন্দ্যে কাজ করে সে নিজেকে গড়ে তুলছে একজন বহুমাত্রিক পারফরমার হিসেবে।

কাব্যের বেড়ে ওঠা এমন একটি পরিবারে, যেখানে শিল্প ও সৃজনশীলতার চর্চা স্বাভাবিক বিষয়। বাবা প্রকৌশলী প্রকাশ ঘোষ এবং মা সঙ্গীতশিল্পী করবী দাশ। দুজন দুই ভিন্ন পেশার মানুষ হলেও পরিশ্রুত পারিবারিক সাংস্কৃতিক আবহই তার শৈশবকে প্রভাবিত করেছে। ফলে খুব ছোটবেলা থেকেই তার মধ্যে শিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়। এছাড়াও তার ভাই থিয়েটার কর্মী প্রণোম্য অনিন্দ্যের তালিম তাকে এগিয়ে দিয়েছে।

প্রাথমিক শিক্ষা জীবনে ফুলকি, সেন্ট মেরিস ও লিটল জুয়েলসের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রতীতি। এরপর ও-লেভেল সমাপ্ত করে এ-লেভেল সম্পন্ন করার পথে সে। একাডেমিক দিকেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ইকনমিক্স অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জন তার মেধা ও মনোযোগের পরিচায়ক।

নৃত্যের সঙ্গে কাব্যের সম্পর্ক শুরু হয় মাত্র চার বছর বয়সে। প্রখ্যাত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক প্রমা অবন্তির কাছে ওডেসি ও টেগোর ডান্স মুভমেন্টে প্রশিক্ষণের মাধ্যমে তার ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে সোনারতরীতে কথক নৃত্য শেখার মাধ্যমে ও ধ্রুপদী নৃত্যের আরেকটি ধারায় নিজেকে যুক্ত করে। ঢাকায় প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছে ২০২২ সাল থেকে দীর্ঘ দিন কথকে নিয়মিত তালিম নিয়েছে, যা তার নৃত্যচর্চাকে আরও পরিণত করেছে। মুনমুন আহমেদের পরিচালনায় বেঙ্গল ফাউন্ডেশন, ছায়ানটসহ মঞ্চে ও টেলিভিশনে দলীয় নৃত্যে অংশ নিয়েছে।

অভিনয়ের জগতেও কাব্যের যাত্রা বেশ দীর্ঘ। ২০১৫ সাল থেকে 'ফেইম' থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত মঞ্চে কাজ করছে। নাট্যব্যক্তিত্ব মোবিদুর রহমান সুজাত ও অসীম দাশের কাছে প্রশিক্ষণ নিয়ে অভিনয়ের ভিত্তি মজবুত করেছে সে। ফেইম স্কুল অব ডান্স অ্যান্ড ড্রামার বিভিন্ন প্রযোজনায় ‘ঘুড়ি’, ‘লালকমল নীলকমল’, ‘মাধ্যমপুত্র’ ও ‘হযবরল’-এর মতো নাটকে অভিনয়ের মাধ্যমে সে ঋদ্ধ দর্শকদের নজর কাড়ে। মঞ্চের অভিজ্ঞতা তার অভিনয় দক্ষতাকে শানিত করেছে, যা পরবর্তীতে বড় পর্দার কাজেও সহায়ক হয়েছে।

শুধু মঞ্চ বা পর্দা নয়, কণ্ঠের জগতেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। কাব্যকথা অডিও কনসালটেন্ট প্রতিষ্ঠান ‘ধ্বনিচিত্র’-এর সঙ্গে যুক্ত হয়ে ‘সিসিমপুর’, ‘হেয়ার কামস আশা’ ও ‘দ্য রেড স্লিভ’-এর মতো প্রযোজনায় ভয়েসওভার দিয়েছে। তার কণ্ঠের স্বচ্ছতা ও উপস্থাপনার ভঙ্গি এই মাধ্যমে তাকে স্বকীয় পরিচিতি এনে দিয়েছে।

সদ্য আঠারো পেরুনো কাব্য চলচ্চিত্রেও ইতোমধ্যে পা রেখেছে। তরুণ পরিচালক জোবাইদুর রহমানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়াল’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার প্রথম উপস্থিতি। পাশাপাশি 'চরকি' প্রযোজিত এবং  আতিক জামান পরিচালিত ওয়েভ ফিল্ম ‘মিউ’-তেও ও কাজ করেছে, যেখানে তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

ইতিমধ্যে তার অনেকগুলো একক ইন্টারভিউ প্রচারিত হয়েছে দেশের বিভিন্ন চ্যানেল ও অনলাইন পোর্টালে। এর মধ্যে চ্যানেল আই'র “তারকা কথন”, বাংলাভিশন-এ “দিনপ্রতিদিন”, যমুনা টেলিভিশনে “শোবিজ”, নিউজ টুয়েন্টি ফোরে এন্টারটেইনমেন্ট উল্লেখযোগ্য। এছাড়া দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার, মানবজমিনসহ অনেক পত্রপত্রিকায় তার পরিচিতি ছাপানো হয়েছে।

শৈশব থেকেই ক্যামেরার সামনে স্বচ্ছন্দ কাব্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সিটিভির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছে। উপস্থাপনায় তার সাবলীলতা ও আত্মবিশ্বাস তাকে একজন দক্ষ পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।

সব মিলিয়ে কাব্যকথা প্রতীতি এমন এক তরুণ শিল্পী, যে একই সঙ্গে মঞ্চ, পর্দা ও কণ্ঠ--তিনটি মাধ্যমেই নিজেকে প্রস্তুত করেছে। ধারাবাহিক চর্চা, প্রশিক্ষণ এবং বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করবে এক পূর্ণাঙ্গ শিল্পীতে এই প্রত্যাশা। সময়ের সঙ্গে সঙ্গে তার এই বহুমাত্রিক যাত্রা আরও বিস্তৃত হবে—এমনটাই মনে করছেন মিডিয়া সংশ্লিষ্টরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers