বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

এক ফ্রেমে অপর্ণা-শাবানা

নিউজজি ডেস্ক  জুন ৯, ২০২৬, ২০:১৪:৫৬

133
  • এক ফ্রেমে অপর্ণা-শাবানা

ঢাকা :  শাবানা আজমি এবং অপর্ণা সেন হলেন দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ৷ যাঁরা শুধু নিজেদের অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মনে ছাপ ফেলেননি বরং তাঁদের প্রখর সামাজিক চেতনা এবং দীর্ঘকালীন বন্ধুত্বের জন্যও তাঁরা বিশেষভাবে পরিচিত। অপর্ণা সেনের পরিচালনায় একাধিক স্মরণীয় সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাবানা আজমি । দীর্ঘ এই পথ চলায় সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শাবানা আজমি শেয়ার করেছেন সেই বন্ধুত্বের ছোট্ট ঝলক ৷

পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেনের সঙ্গে শাবানা দীর্ঘদিনের বন্ধুত্বের এক আন্তরিক মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি তাঁদের দু’জনের ক্যান্ডিড ছবি পোস্ট করে প্রিয় বান্ধবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। শাবানা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে ও অপর্ণা সেনকে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শাবানা জানিয়েছেন যে, ছবিটি তুলেছেন অপর্ণার মেয়ে তথা অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। তিনি ক্যাপশনে লিখেছেন, আমি তাঁকে ভীষণ ভালোবাসি। আমার প্রিয় বন্ধু অপর্ণা সেন-এর সঙ্গে। ছবি-কঙ্কনা সেন।

ছবিটিতে শাবানাকে সাদা রঙের কারুকাজ করা কুর্তা পরা অবস্থায় দেখা গিয়েছে ৷ তাঁর ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন অপর্ণা, যিনি পরম স্নেহে শাবানাকে জড়িয়ে ধরে আছেন। এই দুই প্রথিতযশা শিল্পী বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা একসঙ্গে কাজ করেছেন ৷ এর মধ্যে রয়েছে অপর্ণা সেন পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র 'সতী', '১৫ পার্ক এভিনিউ' এবং 'সোনাটা'।

মজার বিষয়, শাবানা আজমির অভিনয় জীবন শুরু হয়েছিল শ্যাম বেনেগালের 'অঙ্কুর' (১৯৭৪) সিনেমার মাধ্যমে, যা তাঁকে প্রথম জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। কিন্তু শাবানার 'লক্ষ্মী' চরিত্রটির জন্য পরিচালক শ্যাম বেনেগাল প্রথমে অপর্ণা সেনের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু আঞ্চলিক উপভাষার কারণে অপর্ণা তা ফিরিয়ে দেন। পরবর্তীকালে অপর্ণা অকপটে শাবানার কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

অপর্ণা সেন ভারতের অন্যতম প্রখ্যাত পরিচালক ও অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে নিজের জায়গা আজীবন ধরে রাখবেন ৷ পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত অপর্ণা '৩৬ চৌরঙ্গী লেন', 'পরমা', 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার', ১৫ পার্ক এভিনিউ', 'দ্য জাপানিজ ওয়াইফ', 'গয়নার বাক্স' এবং 'দ্য রেপিস্ট'-এর মতো উল্লেখ্যযোগ্য সিনেমা পরিচালনা করেছেন। ছয় দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ৷

অন্যদিকে, শাবানা আজমিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। ১৯৭৪ সালে শ্যাম বেনেগালের 'অঙ্কুর' সিনেমার মাধ্যমে তাঁর অভিনয় জগতে অভিষেক ঘটে ৷ এরপর তিনি 'আর্থ', 'মাসুম', 'পার', 'ফায়ার', 'গডমাদার', 'মাকড়ি', 'মর্নিং রাগা', 'নীরজা' ও 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র মতো সিনেমায় অনবদ্য অভিনয় উপহার দেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাবানা আজমি একজন বিশিষ্ট সমাজকর্মী এবং রাজ্যসভার প্রাক্তন সদস্যও বটে।

নিউজজি/জেডএইচ/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers