বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

কিংবদন্তিদের গানে মুগ্ধ করলেন শেখ রায়হান

এজাজ ইউসুফী  জুন ১০, ২০২৬, ১৭:৪১:২৫

321
  • কিংবদন্তিদের গানে মুগ্ধ করলেন শেখ রায়হান

ঢাকা: গত শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো প্রতিজ্ঞা সংগীত একাডেমির বিশেষ আয়োজন “কিংবদন্তির গান (সিজন-২)”। উপমহাদেশের কিংবদন্তী শিল্পীদের স্মরণে আয়োজিত এই একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তরুণ ও প্রতিভাবান শিল্পী শেখ রায়হান আনোয়ার।

এর আগে ‘কিংবদন্তির গান’ শিরোনামে প্রথম একক আয়োজনেও তিনি শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এটি ছিল তাকে নিয়ে দ্বিতীয় একক আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের আরও কয়েকটি পর্ব আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানের সূচনায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালন করেন শিল্পীর বাবা, সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, অনুবাদক ও কবি খুরশীদ আনোয়ার। পরে শেখ রায়হান আনোয়ারকে নিয়ে নির্মিত একটি সুসম্পাদিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 উস্তাদ বড়ে গোলাম আলী খাঁর বিখ্যাত ঠুমরি ‘আয়েনা বালাম’-এর মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রায়হান। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে পরিবেশন করেন তার গান। পরবর্তী সময়ে একে একে উপমহাদেশের বিভিন্ন কিংবদন্তী শিল্পী ও সঙ্গীতকারের জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। ক্লাসিক্যাল, আধুনিক, নজরুলসংগীত, গজল এবং লালনগীতির সমন্বয়ে সাজানো ছিল  পরিবেশনা ।

পণ্ডিত অজয় চক্রবর্তীর জনপ্রিয় ‘ডাগর নয়ন’, কিশোর কুমারের ‘নয়ন সরসী কেন’, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ‘বারে বারে কে যেন ডাকে আমারে’ এবং মান্না দের ‘কে তুমি তন্দ্রাহরণী’, লালনের ‘আমি অপার হয়ে বসে আছি’, নজরুলের ‘ধীরে যায় ফিরে ফিরে চায়’ গান শ্রোতাদের এক অতীন্দ্রিয় বোধের জগতে নিয়ে যায়। গানগুলো পরিবেশনে শিল্পী তার কণ্ঠের বৈচিত্র্য ও নিয়ন্ত্রণে কুশলতার পরিচয় দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গজল পরিবেশনা। জগজিৎ সিংয়ের কালজয়ী ‘হোঁঠোঁ সে ছুঁ লো তুম’, মেহেদী হাসানের অমর সৃষ্টি ‘রঞ্জিশ হি সহি’এবং উস্তাদ গোলাম আলীর ‘হাঙ্গামা হ্যায় কিউঁ’, পঙ্কজ উদাসের ‘চাঁদ জ্যায়সা’ পরিবেশন করে রায়হান তার শাস্ত্রীয় সংগীতে দক্ষতার পরিচয় দেন। অনুষ্ঠানের শুরুতে কিছুটা আড়ষ্টতা লক্ষ করা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি গানের বাণী ও সুরের গভীরে প্রবেশ করেন। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ পরিবেশনায় কোথাও একঘেয়েমি বা ছন্দপতন দেখা যায়নি। ফলে রাত পৌনে দশটা পর্যন্ত দর্শকদের আগ্রহভরে আসন ধরে রাখতে দেখা গেছে।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা ছিল উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের স্মরণে জনপ্রিয় কাওয়ালি ‘দমাদম মাস্ত কালান্দার’। ধারণা করা হয়, আমীর খসরুর মূল প্রার্থনা থেকে উৎসারিত এই কাওয়ালিটি পরবর্তীকালে বুল্লেহ শাহ পরিমার্জন করেন। একঝাঁক তরুণ সহশিল্পীর কোরাস অংশগ্রহণ পরিবেশনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় হলভর্তি দর্শকদেরও শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।

প্রতিজ্ঞা সংগীত একাডেমির প্রাণপুরুষ ও তবলিয়া তপন চক্রবর্তীর নেতৃত্বে বাদ্যযন্ত্রশিল্পীদের সুনিপুণ সঙ্গত অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। কি-বোর্ডে রোমেন শীলের দক্ষতা হারমোনিয়ামের অভাব অনুভব করতে দেয়নি। অক্টোপ্যাডে নন্দন নন্দী, লিড গিটারে সুচয়ন দে এবং বেজ গিটারে রাজু বড়ুয়ার সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে। উপল শীলের সংগীত বিন্যাস ছিল পরিমিত ও উচ্চমানসম্পন্ন। পাশাপাশি আলোকসজ্জা ও ভিডিও গ্রাফিকসের কাজও প্রশংসার দাবিদার।

শেখ রায়হান আনোয়ারের ব্যক্তিগত ও পেশাগত পরিচয়ও তাকে আলাদা মাত্রা দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ ও এমফিল সম্পন্ন করার পর বর্তমানে তিনি ভারতে পিএইচডি গবেষণায় নিয়োজিত। জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত রায়হান বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘নিষ্কৃতি’র পরিচালক এবং "Channel RA" নামের একটি অনলাইন টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাতা হিসেবেও কাজ করছেন।

 শিল্প সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিও উল্লেখযোগ্য। রায়হানের বিশ্বাস, “নান্দনিক শিল্পকর্ম কখনোই মানুষকে অনৈতিক হতে প্ররোচিত করে না। যে শিল্পকর্মে নৈতিকতার ছোঁয়া নেই, তা প্রকৃত অর্থে নান্দনিক নয়।”

সব মিলিয়ে ‘কিংবদন্তির গান (সিজন-২)’ ছিল কেবল একটি একক সংগীতানুষ্ঠান নয়; বরং উপমহাদেশের সংগীতঐতিহ্যের প্রতি এক নিবেদিত শ্রদ্ধার্ঘ্য। আর সেই আয়োজনের কেন্দ্রবিন্দুতে থেকে শেখ রায়হান আনোয়ার প্রমাণ করেছেন, নিষ্ঠা, সাধনা ও সংগীতবোধের সমন্বয়ে তরুণ শিল্পীরাও কিংবদন্তিদের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে সার্থকভাবে পৌঁছে দিতে সক্ষম।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers