বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তির কথা স্বীকার করলেন কাজল

নিউজজি ডেস্ক  জুলাই ৮, ২০২৬, ১২:০২:১৯

71
  • সংগৃহীত

অভিনেত্রী কাজল আগরওয়াল। দুই দশকের বেশি সময় আগে হিন্দি ভাষার সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন তিনি। তবে ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেন কাজল। এটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ৪১ বছর বয়সি এই তারকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জুম এন্টারটেইনমেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন কাজল আগরওয়াল। এ আলাপচারিতায় ক্যারিয়ারের শুরুর সময় নিয়ে কথা বলছেন। দুই দশক আগের ও বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি নিয়েও তুলনামূলক আলোচনা করেছেন। কেবল তাই নয়, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তির কথাও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

২২ বছর আগের স্মৃতিচারণ করে কাজল আগরওয়াল বলেন, “সেই সময়টা একেবারেই আলাদা ছিল। তখন সোশ্যাল মিডিয়া ছিল না। অতিরিক্ত বিচার-বিশ্লেষণেরও কোনো চাপ ছিল না। বিমানবন্দরে কী পোশাক পরলাম, তা নিয়ে কাউকে জবাবদিহি করতে হতো না। আপনি স্বাভাবিকভাবে কোথাও যেতে পারতেন। দীর্ঘ ভ্রমণে সবসময় সাজগোজ করে থাকা মোটেও সহজ নয়। বিশেষ করে লম্বা ফ্লাইটে আরামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত, আমাকে তখন এসব নিয়ে ভাবতে হয়নি।”

অতীতেও কিছুটা চাপ ছিল, তবে বর্তমানে নতুন প্রজন্মের অভিনেত্রীদের ওপর চাপটা অনেক বেশি। এ বিষয়ে কাজল আগরওয়াল বলেন, “নির্মাতাদের কাছ থেকে নানা ধরনের মন্তব্য পেতাম। কেউ চাইতেন, আমি একটু মোটা হই, কেউ চাইতেন আরো রোগা হই বা অন্যরকম দেখতে হই। এসব প্রত্যাশা ছিল। আমার মনে হয়, তখন পরিস্থিতি তুলনামূলকভাবে সহজ ছিল, এতটা কঠিন ছিল না। কিন্তু এখন এই চাপ বিরতিহীন! এখনকার তরুণ অভিনেত্রীদের জন্য আমার খারাপ লাগে। আশা করি, তারা নিজেদের অবস্থানে দৃঢ় থাকতে পারবে এবং নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবে।”

বেছে বেছে কাজ করেন কাজল আগরওয়াল। কাজ বেছে নেওয়ার ব্যাপারে এই অভিনেত্রী বলেন, “নিজের কাছে সৎ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন আপনার কাছে কোনটি স্বাভাবিক ও স্বস্তিদায়ক, আর সেটাই আপনি করুন। আমিও সেটাই করেছি। আমার কাছে যে কাজটি স্বাভাবিক মনে হয়েছে, সেটাই করেছি। আর যদি কোনো কিছুতে অস্বস্তি বোধ করেছি, তাহলে সরাসরি বলেছি, ‘আমি দুঃখিত, এটা করতে পারব না।’ সিনেমা বা চরিত্র যত বড়ই হোক না কেন, কিছু সীমারেখা আপনার নিজেরই নির্ধারণ করতে হবে।”

উদাহরণ টানতে গিয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়টি উল্লেখ করেন কাজল আগরওয়াল। এ অভিনেত্রী বলেন, “আমি বিকিনি পরে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আমি এটা পর্দায় দেখাতে চাইনি। একইভাবে, খুব ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যেও স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। কারণ এখানেই আমি ব্যক্তিগত সীমারেখা টেনেছি। আমি আমার সীমারেখাকে সম্মান করি। আপনি যদি নিজের প্রতি সৎ এবং আন্তরিক থাকেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন কাজল। ২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন তিনি। বিয়ের পর এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন অনেকবার চাউর হয়। তবে ২০২২ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। একই বছরের ১৯ এপ্রিল, পুত্রসন্তানের জন্ম দেন কাজল। ছেলের নাম রেখেছেন নীল কিচলু।

বিয়ে-সন্তানের কারণে মাঝে অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলেন কাজল। তবে শারীরিকভাবে ফিট হয়ে পুনরায় লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন। কাজলের হাতে এখন পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘দি ইন্ডিয়ান স্টোরি’, ‘রামায়ণ-১’, ‘রামায়ণ-২’, তামিল ভাষার ‘ইন্ডিয়ান থ্রি’ ও ‘এনবিকে ১১১’।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers