বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

জুরাসিক পার্ক তারকা স্যাম নিল আর নেই

নিউজজি ডেস্ক  জুলাই ১৩, ২০২৬, ১৫:০২:৫২

75
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক পার্ক’-এর মূল হিরো, প্রখ্যাত অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ডার অভিনেতা স্যাম নিল  আর নেই ।  হলিউডের রূপালী পর্দায় হিংস্র ডাইনোসরদের চোখে চোখ রেখে যিনি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের বুকে কাঁপন ধরিয়েছিলেন, সেই প্রিয় ‘ডক্টর অ্যালান গ্র্যান্ট’ চিরতরে বিদায় নিয়েছেন। আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণের খবরটি নিশ্চিত করা হয়েছে। শেষ মুহূর্তে তিনি তার সন্তানদের সান্নিধ্যেই ছিলেন।

২০২২ সালে ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ সিনেমার শুটিং শেষ করার পরপরই স্যাম নিলের শরীরে স্টেজ-৩ ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে এরপর থেকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাকে

তবে পরিবার জানিয়েছে, তার এই চলে যাওয়া অত্যন্ত আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত ছিলেন। ২০২৩ সালে ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলো নিয়ে তিনি ‘ডিড আই এভার টেল ইউ দিস?’ নামের একটি আত্মজীবনীও প্রকাশ করেছিলেন।

উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিলের শৈশব কিন্তু সহজ ছিল না। তীব্র তোতলামির সমস্যার কারণে ছোটবেলায় মানুষের সাথে কথা বলতে ভয় পেতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় আমি একরকম বোবাই ছিলাম, বড়রা কথা বললে উত্তর দিতে পারব না ভেবে লুকিয়ে থাকতাম।’

তবে ১৪-১৫ বছর বয়সে থিয়েটারের হাত ধরে তার এই ভয় কাটে এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার সময় তিনি পুরোপুরি অভিনয়ের প্রেমে পড়েন। ১৯৮০-এর দশকে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, কিংবদন্তি রজার মুরের পর পরবর্তী ‘জেমস বন্ড’ চরিত্রটির জন্য টিমোথি ডাল্টনের পাশাপাশি স্যাম নিলের নামও চূড়ান্ত তালিকায় চলে এসেছিল!

পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে স্যাম নিল ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ কিংবা মার্ভেলের ‘থর: রাগনারক’-এর মতো বহু ব্লকবাস্টার ও অস্কারজয়ী ছবিতে অভিনয় করেছেন। তবে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গের কালজয়ী ছবি ‘জুরাসিক পার্ক’-এ বিজ্ঞানী ডক্টর অ্যালান গ্র্যান্টের চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়।

পরবর্তীতে ২০০১ সালের ‘জুরাসিক পার্ক ৩’ এবং ২০২২ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ ছবিতেও নিজের হ্যাট আর বুট জুতো পরে চেনা রূপে পর্দায় হাজির হন তিনি। চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে রসিকতা করে স্যাম বলেছিলেন, ‘অ্যালান গ্র্যান্ট হলো আমার এক জোড়া পুরনো আরামদায়ক বুট জুতোর মতো, যার সোনালি দিন হয়তো ফুরিয়েছে কিন্তু পায়ে দিলেই এক নিমিষে চেনা আরাম পাওয়া যায়।’

পর্দায় অসাধারণ অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডে নিজের খামারে চমৎকার ওয়াইনারি বা আঙুর বাগান পরিচালনা করতে ভালোবাসতেন তিনি।

এই মহান অভিনেতার প্রয়াণ সিনেমাপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডাইনোসরদের সেই চেনা দ্বীপে হ্যাট মাথায় ডক্টর অ্যালান গ্র্যান্টের সেই সাহসী লুক রূপালি পর্দার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers