বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ইবরার টিপুর শারীরিক পরিবর্তন দেখে ভক্ত-অনুরাগীদের উদ্বেগ

নিউজজি ডেস্ক  জুলাই ১৩, ২০২৬, ১৬:৩৫:২৪

119
  • ইবরার টিপুর শারীরিক পরিবর্তন দেখে ভক্ত-অনুরাগীদের উদ্বেগ

সংগীতশিল্পী ইবরার টিপুর শারীরিক পরিবর্তন দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংগীতশিল্পী এই শারীরিক পরিবর্তন দেখে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভিডিওতে সংগীতশিল্পী ইবরার টিপু  ওজন আগের তুলনায় কমে যাওয়া এবং বদলে যাওয়া চেহারা দেখে অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘ চিকিৎসার কঠিন সময় পেরিয়ে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিন্দু কণা বলেন, টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা কষ্ট হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ঠিক হয়ে যাবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলার মতো অবস্থায় সে নেই। আরেকটু সুস্থ হলে নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবে।

তিনি আরও জানান, চিকিৎসা ও সুস্থতার দিকে পুরো মনোযোগ রাখার জন্য এত দিন বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে সামাজিকমাধ্যমে টিপুর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হওয়ায় সত্যটি জানানো প্রয়োজন হয়ে পড়ে।

বিন্দু কণার ভাষায়, দুই বছর আগে টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয়েছে। এখন সে আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা শুধু সবার দোয়া চাই।

এর আগে এক সাক্ষাৎকারেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইবরার টিপু। তিনি বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন এবং মানসিকভাবে দৃঢ় থাকতে সবচেয়ে বেশি ভরসা করছেন সংগীতের ওপর। সুযোগ পেলেই স্টুডিওতে সময় কাটিয়ে নতুন গান তৈরির কাজও চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইবরার টিপু তিন দশকেরও বেশি সময় ধরে সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করছেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তার তৈরি ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি এখনো দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগীত হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। পরিবারের সদস্য, সহকর্মী এবং ভক্তদের ভালোবাসা ও দোয়ায় দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতে নিয়মিত ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী বিন্দু কণা।

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers