রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

বিনোদন

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট আবারো স্থগিত

নিউজজি ডেস্ক  জুলাই ৩০, ২০২৬, ১৭:৪৪:৪৪

71
  • সংগৃহীত

আগামী ১ আগস্ট, ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’। নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয়বারের মতো কনসার্টটি স্থগিত করা হলো। এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

বুধবার (২৯ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি, সরকারি অনুমোদন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। তবে সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। ফলে আপাতত কনসার্টটি স্থগিত রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পন্সর, সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন। তবু রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, কনসার্টের সব টিকিটধারীকে নির্ধারিত অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত ২৬ জুন ঢাকায় অনুপম রায়ের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেটিও স্থগিত করা হয়। পরে নতুন করে ১ আগস্ট আয়োজনের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সেই আয়োজনও স্থগিত হলো।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers