রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

বিনোদন

১০ বছর পর ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে পর্দায় ফিরছেন ইমরান খান

নিউজজি ডেস্ক  আগস্ট ৬, ২০২৬, ১২:৩২:০২

68
  • সংগৃহীত

ঢাকা: দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। নেটফ্লিক্সের নতুন মৌলিক সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’-এর মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন তিনি। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং চলতি বছরের শেষ দিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানান, ১০ বছর পর এটাই তার প্রথম সিনেমা। তিনি বলেন, এটি একটি রোমান্টিক কমেডি হলেও প্রচলিত বাণিজ্যিক ঘরানার বিনোদনমূলক সিনেমা নয়।

এই সিনেমার মাধ্যমে আবারও পরিচালক ড্যানিশ আসলামের সঙ্গে কাজ করছেন ইমরান খান। এর আগে দীপিকা পাড়ুকোন ও ইমরান অভিনীত ‘ব্রেক কে বাদ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন ড্যানিশ আসলাম।

ধারণা করা হচ্ছে, নেটফ্লিক্সের নতুন সিনেমার নামটি ২০১৯ সালের 'আধুরে' গানের কথা থেকে অনুপ্রাণিত।

'ব্রেক কে বাদ'-এর মতোই নতুন ছবিতেও সম্পর্কের জটিলতা উঠে আসবে।

'আধুরে হাম আধুরে তুম' সিনেমায় আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও গুরফাতেহ পিরজাদা। সিনেমাটির গল্প এক তালাকপ্রাপ্ত বাবাকে কেন্দ্র করে।

ইমরান খানকে সর্বশেষ ২০১৫ সালের 'কাট্টি বাট্টি' সিনেমায় কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা যায়। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটি ম্যাডি ও পায়েলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। পাঁচ বছর একসঙ্গে থাকার পর কোনো পূর্বাভাস ছাড়াই পায়েল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে ম্যাডি জানতে পারে, পায়েল তার সাবেক প্রেমিককে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৩২ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৩৮ কোটি রুপি আয় করে।

'কাট্টি বাট্টি'র পর ইমরান অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। তবে ২০১৮ সালে তিনি ধর্মা ২.০ প্রযোজিত তথ্যচিত্র 'মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া' লিখেছেন ও পরিচালনা করেছেন।

ভারতের মঙ্গল অরবিটার মিশনভিত্তিক এই তথ্যচিত্রে ঐতিহাসিক ওই অভিযানের যাত্রা ও নেপথ্যের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। চীন ও রাশিয়া আগের প্রচেষ্টায় ব্যর্থ হলেও ভারত প্রথম চেষ্টাতেই সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছিল।

ইমরান বলেন, 'এটি মানবজাতির অসাধারণ সাফল্যের গল্প। আর এটি এমন মানুষদের অর্জন, যাদের কাছ থেকে অনেকে এমন কীর্তি আশা করেন না। মহাকাশ ভ্রমণ ও অনুসন্ধানের কথা ভাবলে ভারতের নাম সবার আগে আসে না।'

সবশেষে ২০২৬ সালের 'হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস' সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে ইমরানকে। সেখানে তিনি আন্তর্জাতিক সুপারমডেল মিলিন্দ মোরেনার চরিত্রে অভিনয় করেছেন। সূত্র: দ্য প্রিন্ট

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers